কমিশন গঠনের দাবিতে আইসিডিডিআরবিতে আমরণ অনশন
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) মলিকুলার অ্যান্ড সেরোডায়াগনস্টিক পরীক্ষাগারের প্রধান ও প্রতিষ্ঠানের কর্মী মঙ্গল সংস্থার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতি তদন্তে কমিশন গঠনের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন। গতকাল সোমবার বেলা দুইটার পর প্রতিষ্ঠানের মূল ফটকের সামনে তিনি এই কর্মসূচি শুরু করেন।
এর আগে গতকাল সকালে প্রতিষ্ঠানের মূল ক্যানটিনে কর্মী মঙ্গল সংস্থার নেতা-কর্মীরা সভা করেন। সভায় প্রতিষ্ঠানের স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি-বিষয়ক বিজ্ঞান সাময়িকীর মালিকানা ফেরত আনা, ব্র্যাকের কাছে ইজারা দেওয়া জায়গা উদ্ধার করা ও পরীক্ষাগার পুনর্গঠন উদ্যোগ বন্ধ রাখার দাবি জানানো হয়।
প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য: ১৯ জুন প্রথম আলোতে ‘আইসিডিডিআরবির জিডি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। তারা বলেছে, বনানী থানায় একটি জিডি তারা করেছে। প্রতিষ্ঠানের একজন কর্মকর্তাকে ই-মেইলে হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে ওই জিডি করা হয়।
প্রতিবেদকের বক্তব্য: আইসিডিডিআরবির একজন পদস্থ কর্মকর্তা ওই তথ্য প্রথম আলোকে দিয়েছিলেন।