বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ড কাউন্সিলের নির্বাচনের জন্য কমিশন গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম আবদুল হাকিম সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল করুণাময় চাকমা বলেন, হাইকোর্টের এ আদেশের ফলে কাল শনিবার মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমান্ডের নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই।আদালত সূত্র জানায়, গত বুধবার সুনামগঞ্জ জেলা কমান্ডের সাংগঠনিক সম্পাদক প্রার্থী মালেক হোসেন পীর মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। গত বছরের ২৯ ডিসেম্বর সরকারের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের জন্য পাঁচ সদস্যের কমিশন গঠনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয় রিটে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কমান্ড কাউন্সিলের সুভাষ চন্দ্র আচার্যের কমান্ডার প্রার্থী হওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি মুলতবি করেন একই আদালত। কমান্ডার প্রার্থী এম এ সারওয়ার হোসেন চৌধুরী ও আবদুল মান্নান রিটটি করেন বলে তাঁদের আইনজীবী কে এম জাবির জানান।