কমিশন দায়িত্ব এড়াতে চাইছে, অভিযোগ সুজনের
আসন্ন পৌর নির্বাচনে বিভিন্ন এলাকায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। কিন্তু কমিশন কারও বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না। কমিশন বলছে অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। এই বক্তব্যের মাধ্যমে কমিশন দায়িত্ব এড়াতে চাইছে।
আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য প্রকাশ’ শীর্ষক সংবাদ সম্মেলন সুশাসনের জন্য নাগরিক-সুজন এই অভিযোগ করে।
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশনের যে অগাধ ক্ষমতা রয়েছে তা প্রয়োগ করা দরকার বলেও মনে করে সুজন। সংস্থাটি পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতিও আহ্বান জানিয়েছে।
প্রার্থীদের তথ্য-উপাত্ত তুলে ধরেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। তিনি বলেন, এই নির্বাচন কেমন হবে, তা নিয়ে জনমনে সংশয় আছে। সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা এই সন্দেহ ও সংশয়কে আরও বাড়িয়ে দিয়েছে। সংশয়ের কারণগুলো হলো, পর্যাপ্ত জনবল থাকা সত্ত্বেও কেন নির্বাচন কমিশন থেকে ২৩৪টি পৌরসভার মধ্যে ১৭৫ টিতে জনপ্রশাসন থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হলো। সম্ভাব্য প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শন করে মনোনয়নপত্র দাখিল করা থেকে বিরত রাখা এবং মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠা। একটি পৌরসভায় দল থেকে একাধিক মনোনয়নপত্র দাখিল হলে সব মনোনয়নপত্র বাতিল হওয়ার বিধান থাকলেও আওয়ামী লীগের ক্ষেত্রে তিনটি পৌরসভায় তা করা হয়নি। কয়েকজন সংসদ সদস্যকে আচরণবিধি লঙ্ঘন করতে দেখা গেছে। কোনো কোনো পৌরসভা থেকে জোর খাটিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করানোর অভিযোগ উঠেছে। এসব ক্ষেত্রে নির্বাচন কমিশন তদন্ত করে দেখেনি।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে দিলীপ কুমার বলেন, ৯০৪ জন মেয়র প্রার্থীর মধ্যে ৩৪১ জন স্নাতক বা স্নাতকোত্তর। ২২৪ জন বিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারেননি। উচ্চশিক্ষিত প্রার্থীর ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপির অবস্থা প্রায় সমান। তবে নিরক্ষর বা স্বল্পশিক্ষিত প্রার্থীর শতকরা হার আওয়ামী লীগের চেয়ে বিএনপিতে সামান্য বেশি। প্রার্থীদের পেশা সম্পর্কে তিনি বলেন, ৯০৪ মেয়র প্রার্থীর মধ্যে ৬৫২ জন ব্যবসায়ী। অন্যান্য নির্বাচনের মতো এই নির্বাচনেও ব্যবসায়ীদের প্রাধান্য লক্ষ করা যাচ্ছে। আওয়ামী লীগের চেয়ে বিএনপির প্রার্থীদের মধ্যে ব্যবসায়ীর হার প্রায় চার শতাংশ বেশি।
প্রার্থীদের মামলা সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, ৯০৪ মেয়র প্রার্থীর মধ্যে ২১৯ জনের বিরুদ্ধে বর্তমানে, ৩২১ জনের বিরুদ্ধে অতীতে মামলা ছিল। আর ১২১ জনের বিরুদ্ধে কখনো মামলা হয়নি। ৩৬ জনের বিরুদ্ধে বর্তমানে, ৬১ জনের বিরুদ্ধে অতীতে এবং ৫ জনের বিরুদ্ধে উভয় সময়ে ৩০২ ধারায় মামলা (হত্যা মামলা) ছিল বা আছে। আওয়ামী লীগ প্রার্থীদের তুলনায় বিএনপি প্রার্থীদের মামলা বেশি।
দিলীপ কুমার সরকার প্রার্থীদের আয় সম্পর্কে বলেন, ৯০৪ মেয়র প্রার্থীর মধ্যে ৬৩৪ জন বছরে পাঁচ লাখ টাকা বা তার কম আয় করেন। মাত্র আটজন বছরে কোটি টাকার বেশি আয় করেন। বেশি আয়ের প্রার্থী সংখ্যা আওয়ামী লীগে বেশি। স্বল্প আয়ের প্রার্থী বিএনপিতে সামান্য বেশি। মেয়র প্রার্থীর মধ্যে কোটিপতির সংখ্যা ৪৭ জন। ৯০৪ মেয়র প্রার্থীর মধ্যে কর দেন ৭২৯ জন।
সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, তথ্য প্রাপ্তির অধিকার ভোটারদের বাক স্বাধীনতার অংশ। নির্বাচন কমিশনের উচিত ভোটারদের জন্য প্রার্থীদের এসব তথ্য তুলে ধরা। একই সঙ্গে হলফনামায় ভুল তথ্য দেওয়া হয়েছে কি না তা কমিশনের খতিয়ে দেখা দরকার।
কেন্দ্রীয় নির্বাহী সদস্য হামিদা হোসেন বলেন, পৌর নির্বাচনে প্রার্থী, মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে উল্লেখযোগ্য পরিমাণ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বিশেষ করে মহান বিজয় দিবসেও কয়েকটি এলাকায় কয়েকজন মন্ত্রী-এমপির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। কিন্তু নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। কমিশনের উচিত নিজ উদ্যোগে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা খতিয়ে দেখা, যাতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
সংবাদ সম্মেলনে সুজনের নির্বাহী সদস্য সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।