কমিশন নিশ্চুপ, নির্বাচনী সহিংসতা ফিরে আসছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে নির্বাচনী সহিংসতার সংস্কৃতি আবার ফিরে আসছে। ইতিমধ্যে গাজীপুরের শ্রীপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে। একজন নিহতও হয়েছেন।

রাজনৈতিক দলের নেতা-কর্মী ও নির্বাচন পর্যবেক্ষকেরা মনে করেন, নির্বাচন কমিশনের (ইসি) নিষ্ক্রিয়তা এর জন্য বহুলাংশে দায়ী। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের নানা ঘটনায় শক্ত ব্যবস্থা না নেওয়ায় ইতিমধ্যে কমিশন সমালোচিত হয়েছে। দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনের পর সহিংসতা ভিন্ন মাত্রা পাচ্ছে। এ অবস্থায় ১৫ মার্চ অনুষ্ঠেয় তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের সহিংসতা এবং কেন্দ্র দখলের মতো ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তারা।

প্রধম ধাপের উপজেলা নির্বাচন মোটামুটি সুষ্ঠু হলেও গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচনে সহিংসতা, কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে অনেক বেশি। সহিংসতায় নোয়াখালীর সোনাইমুড়ীতে একজন নিহত হন। বিভিন্ন জেলায় আহত হন শতাধিক ব্যক্তি। এ কারণে নোয়াখালী সদর উপজেলার ভোট গ্রহণ সম্পূর্ণ স্থগিত করতে হয়। এর বাইরে আরও কয়েকটি উপজেলার ৩৪টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করতে হয়েছিল দ্বিতীয় ধাপে।

গত শনিবার গাজীপুরের ক্ষমতাসীন দলের রাজনীতিতে যুক্ত দুই প্রার্থী আবদুল জলিল ও ইকবাল হোসেনের সমর্থকদের মধ্যে পুলিশের উপস্থিতিতে গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজনের প্রাণহানি ঘটে এবং অর্ধশতাধিক ব্যক্তি আহন হন। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি।

তবে গতকাল নির্বাচন কমিশন দাবি করেছে, তারা পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে। যার পরিপ্রেক্ষিতে ওই দিন পুলিশ আওয়ামী লীগের দুই পক্ষের ১১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।

জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আবদুল মোবারক গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, প্রার্থী-সমর্থকেরা অসহিষ্ণু হয়ে উঠেছেন। যে কারণে আশঙ্কা করা যাচ্ছে, তৃতীয় ধাপের নির্বাচনে সহিংসতা বেশি হতে পারে। সে জন্য আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে ১৩ মার্চ আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ ব্যক্তিদের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত সব কটি নির্বাচন সহিংসতামুক্ত ছিল। তবে গত দুই দশকে স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা পুরোপুরি বন্ধ ছিল না। কিন্তু ২০০৮ সালের পর এই নির্বাচনগুলো শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনী সংস্কৃতিই পাল্টে যেতে থাকে। কিন্তু এবার সেই ধারাটি নষ্ট হতে বসেছে বলে মনে করছেন নির্বাচন পর্যবেক্ষণকারীরা।

নির্বাচন কমিশন সচিবালয়ের সূত্র জানায়, কমিশন আগেই আচরণবিধি লঙ্ঘন-সম্পর্কিত অভিযোগ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে নির্দেশনা দিয়েছিল। এ কারণে কমিশনে উল্লেখ করার মতো অভিযোগ জমা পড়ছে না। জেলা থেকেও যথাযথভাবে তথ্য পাচ্ছে না।

এ অবস্থায় নাজুক পরিস্থিতি সামাল দিতে কমিশন যে কটি ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে, তার সবই গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে নেওয়া হচ্ছে বলে সূত্র জানায়।

কমিশন সচিবালয়ের কর্মকর্তারা দাবি করছেন, রিটার্নিং কর্মকর্তাদের (অতিরিক্তি জেলা প্রশাসক) কাছে অভিযোগ জমা পড়লেও বেশির ভাগ ক্ষেত্রে তাঁরা তা আমলে নিচ্ছেন না। কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ আমলে নিলেও ‘ব্যবস্থা নেওয়া হবে’ বলে অথবা অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে বা জরিমানা করে দায় সারছেন রিটার্নিং কর্মকর্তারা।

কমিশন সচিবালয় পর্যালোচনা করে দেখেছে, বেশির ভাগ জেলায় নির্বাচন সুষ্ঠু হয়েছে। তবে যেসব জেলায় সরকারের প্রভাবশালী মন্ত্রী রয়েছেন, সেসব জেলায় বেশি সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। কমিশন সচিবালয়ের মাঠ কর্মকর্তারা মনে করেন, মন্ত্রী ও বড় নেতারা আসকারা দেওয়াতেই চাঁদপুর, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, ভোলা, মাদারীপুর ও নোয়াখালীতে বেশি সহিংসতা হয়েছে। ১৫ মার্চের নির্বাচনেও একই রকম ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, নির্বাচনী পোস্টারে প্রার্থীর ছবি ও প্রতীকের ছবি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতীকের ছবি ব্যবহার করা যাবে না। যানবাহন বা দেয়ালে পোস্টার বা লিফলেট সাঁটানো যাবে না। মশাল বা যানবাহন সহকারে কোনো মিছিল বা সমাবেশ করা যাবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলার সময় এর ২০০ গজের মধ্যে কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না। জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপ, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা সমমর্যাদার সুবিধাভোগী কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। তবে তাঁদের কেউ কোনো এলাকার ভোটার হলে ভোট দেওয়ার জন্য তিনি ওই এলাকায় যেতে পারবেন। নির্বাচন-পূর্ব সময়ে কোনো এলাকার চেয়ারম্যান কোনো ধরনের উন্নয়ন প্রকল্প অনুমোদন বা প্রকল্পের জন্য অর্থ ছাড় করতে পারবেন না।

কেউ আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে কমিশন প্রার্থীর প্রার্থিতা বাতিলও করতে পারে।

কমিশন কিছু কিছু ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কমিশন সচিবালয় থেকে জানানো হয়েছে, নির্বাচনী দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যজিস্ট্রেটরা গত দুই দিনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কয়েকটি উপজেলার প্রার্থীসহ বেশ কয়েকজনকে জরিমানা করেছেন। এর মধ্যে ফেনীর দাগনভূঞা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী নুরুন্নবী দুলাল ও আলমগীর হোসেন; কুমিল্লার বুড়িচং উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ হোসেন, এম মিজানুর রহমানসহ কয়েকজন ভাইস চেয়ারম্যানকেও জরিমানা করা হয়েছে।

কিন্তু কমিশনে অভিযোগ এসেছে, সরকারি দল-সমর্থিত বেশির ভাগ প্রার্থী আচরণবিধি মানছেন না। ফেনীর ফুলগাজীতে বর্তমান চেয়ারম্যান একরামুল হক সরকারি গাড়ি ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন। পোস্টারে তিনি বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করেছেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর তিনি ৬০টির মতো কালভার্ট ও স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোশাররফ হোসেন ও বিএনপির প্রার্থী মলাই মিয়া পোস্টারে দলীয় পরিচয় ব্যবহার করেছেন।

ফরিদপুর সদরে আওয়ামী লীগের প্রার্থী খন্দকার মোহতেশাম হোসেন ৫৫টি অ্যাম্বুলেন্স নিয়ে শোভাযাত্রা করেছেন। মোহতেশাম প্রবাসীকল্যাণমন্ত্রীর ভাই। তাঁর বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তা কোনো ব্যবস্থা নেননি।

পটুয়াখালীর বাউফলে গত মঙ্গলবার ধানদী ফাজিল মাদ্রাসার পাঠদান বন্ধ করে মাদ্রাসা মিলনায়তনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মুজিবুর রহমানের সভা হয়। আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদেরও ওই সভায় যোগ দিতে হয়। আরও অভিযোগ আছে, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ সরকারি সুবিধা ব্যবহার করে দফায় দফায় এলাকায় গিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। এ কাজে চিফ হুইপকে বিরত রাখতে কমিশন রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ করেছে। সরাসরি চিফ হুইপকে সতর্ক করার সুযোগ থাকলেও কমিশন তা করছে না।

বগুড়া সদর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থীরা গত রোববার কয়েক শ মোটরসাইকেল নিয়ে শহর দাপিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আচরণবিধি লঙ্ঘনের এসব ঘটনার প্রত্যেকটির জন্য শাস্তির বিধান আছে। কিন্তু কমিশিন কোনো ব্যবস্থা নেয়নি।