
বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৭৪তম দীর্ঘমেয়াদি কোর্সের পুরুষ ও নারী ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠান গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের ভাটিয়ারীতে বিএমএ চত্বরে এ অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
নতুন অফিসারদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, ‘দেশসেবার মহান ব্রত নিয়ে তোমরা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছ। কাজেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যথাযথ দায়িত্ব পালন করাই হবে তোমাদের মূল লক্ষ্য।’ তিনি আরও বলেন, ‘দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি দক্ষ, চৌকস ও আধুনিক সেনাবাহিনী গড়ে তোলাই হবে আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে বাংলাদেশ মিলিটারি একাডেমির পাঠ্যসূচিতে ইতিমধ্যে অনেক নতুন নতুন বিষয় সংযোজিত হয়েছে। বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। তাই ডিজিটাল বাংলাদেশ আজ সময়ের দাবি। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকারের নানামুখী উদ্যোগের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ মিলিটারি একাডেমির পাঠ্যসূচিতেও আইসিটি অন্তর্ভুক্তি করা হয়েছে।’
সেনাপ্রধান আরও বলেন, ‘আমি আশা করি, আধুনিক যুদ্ধের কলাকৌশল এবং ভিশন-২০৩০-এর কথা বিবেচনায় রেখে ভবিষ্যতে আরও নতুন নতুন বিষয় ও বিভাগ সংযোজিত হয়ে আমাদের এই ক্রমোন্নতির ধারা অব্যাহত থাকবে।’
৭৪তম কোর্সে দেশি-বিদেশি মিলিয়ে মোট ১৫০ জন ক্যাডেট কমিশন লাভ করেন। তাঁদের মধ্যে ১৪৭ জন বাংলাদেশি, দুজন ফিলিস্তিনি ও একজন শ্রীলঙ্কান ক্যাডেট। বাংলাদেশি ক্যাডেটদের মধ্যে ১৪ জন নারী। তানভীর আহমেদ রানা সেরা চৌকস ক্যাডেট বিবেচিত হন এবং ‘সোর্ড অব অনার’ লাভ করেন। একই সঙ্গে সামরিক বিষয়ে অনন্য কৃতিত্বের জন্য তিনি ‘সেনাপ্রধানের স্বর্ণপদক’ পান। আইএসপিআর।