কমিশন বন্ধের দাবিতে আম ব্যবসায়ীদের সমাবেশ-স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে আড়তদারদের কমিশন নেওয়ার প্রতিবাদে এবং তা বন্ধের দাবিতে গতকাল বুধবার সমাবেশ করেছেন আম ব্যবসায়ীরা। পরে তাঁরা ওই দাবিতে ইউএনওকে স্মারকলিপি দেন। জানা যায়, কানসাট আম বাজার থেকে বেশ কয়েকজন ব্যবসায়ী গতকাল সকালে শিবগঞ্জ উপজেলা চত্বরে এসে সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলী মিঞা, আম ব্যবসায়ী তৌহিদুর রহমান, রবিউল আওয়াল, খাইরুল ইসলাম প্রমুখ। পরে তাঁরা অবিলম্বে কমিশন নেওয়া বন্ধের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিগত বছরগুলোতে আড়তদারেরা কোনো কমিশন নেননি। কিন্তু এবার মৌসুমের শুরু থেকেই আম বিক্রির ওপর ৩ শতাংশ হারে কমিশন নিচ্ছেন। এ কমিশন আদায়ের বৈধতা সম্পর্কে জানতে চাইলে তাঁরা বলছেন, কানসাট আম আড়তদার সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী কমিশন নেওয়া হচ্ছে।