আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী চায়। নির্বাচন কমিশন প্রয়োজন মনে করলে সেনাবাহিনী মোতায়েন করতে পারে। তবে কমিশন জানিয়েছে, সেখানে সে রকম কোনো পরিস্থিতি নেই।ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন ‘আজিজ মার্কা’ কমিশন নয়। অনুসন্ধান কমিটির মাধ্যমে রাষ্ট্রপতি এ কমিশন গঠন করেছেন। ইতিমধ্যে প্রমাণিত হয়েছে, তারা দক্ষতার সঙ্গে কাজ করছে। গাজীপুরে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, এ পর্যন্ত ছয় হাজার নির্বাচন হয়েছে। কোথাও আওয়ামী লীগ কোনো প্রভাব বিস্তার করেনি। নির্বাচনে কারচুপি নিয়ে বিএনপির অভিযোগ সম্পর্কে তোফায়েল বলেন, অহেতুক বিনা কারণে তারা এসব অভিযোগ করছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে স্থানীয় কোনো নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করেনি। আবার তারাই রেশমা উদ্ধার নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে নানা অভিযোগ করেছে। নির্বাচন কমিশন যদি সেনাবাহিনী দেয়, তা হলে বিএনপি আবার বলবে, ভোট কারচুপিতে সেনাবাহিনী সহায়তা করেছে।সংবাদ সম্মেলনে মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বদিউজ্জামান ভূঁইয়া, মৃণাল কান্তি দাস, অসীম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।