কমিশনারকে বদলি করা হলে কেউ চট্টগ্রাম কাস্টমে কাজ করবেন না
সিঅ্যান্ডএফ এজেন্টদের আন্দোলনের মুখে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারকে বদলি করা হলে কোনো কর্মকর্তা চট্টগ্রাম কাস্টম হাউসে কাজ করবেন না। তাঁরা সবাই স্বেচ্ছায় বদলি হতে চান। স্বেচ্ছায় বদলির জন্য তাঁরা চিঠিও দিচ্ছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে।প্রসঙ্গত, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এক নেতাকে এক লাখ টাকা জরিমানা করার জের ধরে কাস্টম হাউসে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সংগঠনের নেতা-কর্মীরা। জরিমানা প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে আজ রোববার থেকে কাস্টম হাউসে কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। কর্মসূচির মাধ্যমে কমিশনারকে বদলি করা হতে পারে—এমন আশঙ্কায় সব কর্মকর্তাই স্বেচ্ছায় বদলি হওয়ার আগ্রহ প্রকাশ করেন।কাস্টম হাউস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কাস্টম হাউসে কর্মরত সহকারী কমিশনার থেকে অতিরিক্ত কমিশনার পর্যন্ত ১৯ জন কর্মকর্তার সবাই কমিশনার মারুফুল ইসলামের মাধ্যমে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবরে এ ব্যাপারে লিখিত চিঠিও দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, অযৌক্তিক আন্দোলনের কারণে কমিশনারকে বদলি করা হলে তাঁদেরও যেন বদলি করা হয়। এ ছাড়া রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তাদের সংগঠন ‘চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাসোসিয়েশন’ও আজ একইভাবে স্বেচ্ছায় বদলির আবেদন জানাতে পারে বলে জানা গেছে।সংগঠনের সাধারণ সম্পাদক ও রাজস্ব কর্মকর্তা আমজাদ হাজারী গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘আজ রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে স্বেচ্ছায় বদলির বিষয়ে সংগঠনের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হবে। অযৌক্তিক কারণে কমিশনারকে বদলি করা হলে কাস্টম হাউসে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তাসহ আমাদের সবাইকে যেন বদলি করা হয়। এই বিষয়টি চিঠিতে তুলে ধরা হবে।’জানতে চাইলে মারুফুল ইসলাম প্রথম আলোকে বলেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি। পরিস্থিতি বিবেচনায় করণীয় নির্ধারণ করা হবে।পিছু হটলেন সাংসদ লতিফ: তিন দিন আগে গত বুধবার সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মবিরতি পালনের কর্মসূচিতে সমর্থন জানিয়েছিলেন সাংসদ এম এ লতিফ। লতিফের পক্ষে চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ এই সমর্থনের কথা জানিয়েছিলেন কাস্টম হাউস চত্বরে এক বিক্ষোভ সমাবেশে। তবে দুই দিন পর সাংসদ এই অবস্থান থেকে সরে আসেন। বিজিএমইএর পরিচালক এ এম চৌধুরী সেলিম বলেন, কর্মবিরতি কর্মসূচি বিবেচনা করে দেখা উচিত। কর্মসূচির কারণে রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে।চেম্বারের পরিচালক আশিক ভূঁইয়া বলেন, ‘আরও অপেক্ষা করা উচিত। কারণ, কমিশনারের কিছুই হবে না, ক্ষতি হবে আমাদেরই।’ বন্দর ট্রাক মালিক সমিতির সভাপতি হাবিবুল হক বলেন, ঢাকা ও মংলা দিয়ে পণ্য খালাস করলে সুযোগ-সুবিধা পাওয়া যায়। কিন্তু চট্টগ্রাম কাস্টম হাউস দিয়ে পণ্য খালাস করলে কোনো সুযোগ-সুবিধা পাওয়া যায় না। সাংসদ এম এ লতিফ বলেন, কমিশনার সৎ হলেও কাস্টম হাউসের ইট পর্যন্ত চুরি-ডাকাতির সাক্ষী আছে। কমিশনার সবাইকে চোর-ডাকাত মনে করলে হবে না। মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির কারণে সবার ওপর গণহারে ২০০ শতাংশ জরিমানা করলে বরদাশত করা হবে না। এর পরও ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখার আহ্বান জানান তিনি।