কমিশনারের বক্তব্যে অস্বস্তিতে দুদক, কমিশনার নন
বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের চিঠি নিয়ে কমিশনার সাহাবুদ্দিনের মন্তব্যে অস্বস্তিতে পড়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে দুদকের সচিব, পরে কমিশনার সাহাবুদ্দিন ও সর্বশেষ সংস্থার চেয়ারম্যানের কাছে চিঠির বক্তব্য ও কমিশনার সাহাবুদ্দিনের মন্তব্যের বিষয়ে জানতে চেয়েছেন সাংবাদিকেরা। কারণ কমিশনার চিঠির বিষয়ে যে দাবি করেছিলেন, তার সঙ্গে চিঠির বক্তব্যের মিল নেই। বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেল তাদের চিঠিতে পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতি ষড়যন্ত্রের তদন্ত পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ হয়নি বলে দুদককে জানিয়েছে। কিন্তু কমিশনার সাহাবুদ্দিন গণমাধ্যমকে বলেছেন, ‘দুদকের তদন্তে বিশ্বব্যাংক সন্তুষ্টি প্রকাশ করেছে। আর বিশ্বব্যাংকের প্রতিক্রিয়ায় সামগ্রিকভাবে দুদকও সন্তুষ্ট।’ পরে চিঠির পুরোপুরি বিপরীত এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে কমিশনার সাহাবুদ্দিন বলেছিলেন, ‘আমি সন্তুষ্ট তাই দুদকও সন্তুষ্ট।’ এদিকে গতকাল এক অনুষ্ঠানে ঢাকায় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন সাংবাদিকদের বলেছেন, দুদককে যে চিঠি দেওয়া হয়েছে তা স্বাধীন বিশেষজ্ঞ প্যানেলের, বিশ্বব্যাংকের নয়। চিঠিটি পেলে বিশ্বব্যাংক পদ্মা সেতুর বিষয়ে তার মতামত জানাবে। আলোচনায় দুদক: একাধিক পত্রিকায় বিশ্বব্যাংকের চিঠি নিয়ে খবর প্রকাশের পর গতকাল আলোচনার কেন্দ্রে চলে আসে দুদক। সংস্থাটির মাসিক ব্রিফিংও ছিল গতকাল। ফলে সকাল থেকেই সাংবাদিকেরা দুদকে জড়ো হন। বেলা সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন শুরু হলে সংস্থার মাসিক কাজের অগ্রগতি জানান দুদকের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী। সেখানে সাংবাদিকেরা তাঁর কাছে কমিশনার সাহাবুদ্দিনের দেওয়া বক্তব্যের বিষয়ে দুদকের অবস্থান জানতে চান। বিব্রত সচিব বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। আপনারা কমিশনারকেই জিজ্ঞেস করুন।’ প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হওয়া এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একটাই প্রশ্ন ছিল। কিন্তু সে প্রশ্নের জবাব মেলেনি। দুপুরে সাংবাদিকেরা কমিশনার সাহাবুদ্দিনের কাছে তাঁর ও বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের পরস্পর বিপরীত বক্তব্যের বিষয়ে জানতে চান। জবাবে তিনি বলেন, ‘আমি যা বলেছি, বুঝেশুনেই বলেছি।’ বিকেলে দুদকের চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ‘পদ্মা সেতুর পরামর্শক নিয়োগ-প্রক্রিয়ায় দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে দুদকের দায়ের করা মামলার প্রতিক্রিয়ায় বিশেষজ্ঞ প্যানেলের পাঠানো চিঠিটি ইতিবাচক।’ তিনি বলেন, ‘বিশ্বব্যাংকের চিঠিতে কোথাও হ্যাপি কিংবা আনহ্যাপি (সন্তুষ্ট-অসন্তুষ্ট) শব্দের উল্লেখ নেই। এসব বিষয় নিয়ে অহেতুক চায়ের কাপে ঝড় তুলে হইচই করা ঠিক হবে না।’ গোলাম রহমান আরও জানান, বিশেষজ্ঞ প্যানেলের চিঠিতে তদন্ত বিষয়ে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে, সে অনুসারে পরবর্তী তদন্ত কার্যক্রম চলবে। আর তাঁদের (প্যানেলের) পক্ষ থেকে কিছু প্রশ্ন রয়েছে যেগুলো পরে উত্তর দেওয়া হবে। কী ধরনের প্রশ্ন—জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ‘সেটা আপনাদের বলব না।’ দুর্নীতির ষড়যন্ত্রের সঙ্গে সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের সংশ্লিষ্টতার বিবরণ বিশেষজ্ঞ দলের চিঠিতে উল্লেখ রয়েছে, কিন্তু দুদকের করা মামলার এজাহারে তার উল্লেখ নেই কেন?—জানতে চাইলে দুদকের চেয়ারম্যান বলেন, ‘আমাদের সঙ্গে বৈঠকেও প্যানেল সৈয়দ আবুল হোসেনের সঙ্গে লাভালিনের প্রতিনিধিদের সাক্ষাতের বিষয়টি জানিয়ে তাঁকে আসামি করার বিষয়ে বলেছিল। কিন্তু কমিশনের কাছে তখন পর্যন্ত মামলার আসামি করার মতো যথেষ্ট তথ্য-উপাত্ত ছিল না। সেটা তখন প্যানেলও মেনে নিয়েছিল বলে আমাদের মনে হয়েছে।’ এ পর্যায়ে কিছুটা উত্তেজিত হয়ে গোলাম রহমান বলেন, ‘মামলা করবে দুদক। মামলা হবে দেশের আইনে। এই ক্ষেত্রে অন্য কিছু দেখার বিষয় নয়।’মামলার এজাহারে কেন আবুল হোসেনের ঘুষের বিষয় উল্লেখ করা হয়নি—জানতে চাইলে দুদকের চেয়ারম্যান বলেন, ‘প্যানেল তাঁদের চিঠিতে সেটা উল্লেখ করার প্রয়োজন মনে করেছে, তাই করেছে। আমাদের উল্লেখ করার প্রয়োজন মনে হয়নি, তাই করা হয়নি।’ শেষে তদন্তাধীন বিষয়ে এভাবে খোলামেলা কথা বলা ঠিক নয় মন্তব্য করে দুদকের চেয়ারম্যান বলেন, ‘এতে করে তদন্তকাজ বাধাগ্রস্ত হয়।’ মামলার অভিযোগপত্রে দুই সাবেক মন্ত্রী আবুল হোসেন ও আবুল হাসানের নাম অন্তর্ভুক্ত করা হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘তা তদন্ত শেষে দেখা যাবে।’ দুদকে অস্বস্তি: সূত্র জানায়, পদ্মা সেতুর বিষয়ে কোনো বক্তব্য দেওয়ার এখতিয়ার কমিশনার সাহাবুদ্দিনের ছিল না। তদন্ত শুরুর পরেই এ বিষয়ে যেন কেউ সংস্থার সিদ্ধান্তের বাইরে নিজ থেকে কোনো কথা না বলে, সে সম্পর্কে একটি অভ্যন্তরীণ নোটিশও জারি করা হয়। কিন্তু গত সোমবার কমিশনার সাহাবুদ্দিন নিজ থেকেই বিশেষজ্ঞ প্যানেল দেওয়া চিঠির বিষয়ে কথা বলেন। কিন্তু পরে জানা গেল, চিঠির বিষয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে চিঠির কোনো মিল নেই। দুদকের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পদ্মা নিয়ে দেশজুড়ে দীর্ঘ সময় ধরে চলা আলোচনা, তদন্ত নিয়ে সরকারের মন্ত্রীদের নানা অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য, দুদকের স্বাধীনতা নিয়ে বিরোধী দলের টানা অভিযোগের পর একজন কমিশনারের বক্তব্যের সঙ্গে প্রকৃত তথ্যের অমিল স্পষ্ট হয়ে পড়ায় দুদকের গ্রহণযোগ্যতার সংকট এখন আরও গুরুতর হয়ে উঠল। এটা দুদকের অন্য কর্মকাণ্ডকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। বিশ্বব্যাংকের সিদ্ধান্ত আসছে: দুদকের তদন্ত ও মামলার এজাহারের বিষয়ে সংস্থাটিকে চিঠি দিয়েছে বিশ্বব্যাংকের গঠিত বিশেষজ্ঞ দল। বিশেষজ্ঞ দলটি পুরোপুরি স্বাধীন। ওই চিঠির বক্তব্য তাদের, বিশ্বব্যাংকের নয়। গতকাল সকালে রাজধানীতে এক সেমিনার শেষে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন এ কথা বলেছেন। তিনি বলেন, ‘বিশেষজ্ঞ দলটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিশ্বব্যাংক তাদের নিজস্ব মতামত ও অবস্থান ব্যাখ্যা করবে। শিগগিরই সেটি করা হবে। এই মুহূর্তে আমরা বিশেষজ্ঞ দলের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছি। আশা করছি, জানুয়ারি মাসের মধ্যে আমরা এই প্রতিবেদন হাতে পাব।’ একই অনুষ্ঠানে উপস্থিত যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে পদ্মা সেতু নির্মাণ প্রকল্প নিয়ে তৈরি হওয়া সব অনিশ্চয়তার অবসান হবে।’