কমিশনের শুনানি বাতিল ও ভূমি অধিকারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের শুনানি বাতিল এবং প্রথাগত ভূমি অধিকারের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে খাগড়াছড়ির পানছড়ি, দীঘিনালা, মহালছড়ি, গুইমারা ও সদর উপজেলায় এবং রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়ন, নানিয়ারচর, কাউখালী এবং বাঘাইছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত এসব সমাবেশে ইউপিডিএফ-সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের নেতা-কর্মীরা অংশ নেন। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর: খাগড়াছড়ি: সকালে জেলা সদরের মহাজনপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল চেঙ্গী স্কয়ার ঘুরে স্বনির্ভর বাজারে গিয়ে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিল শেষে ইউপিডিএফ কার্যালয়ের সামনে গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নিকোলাস চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতি নতুন কুমার চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রীনা দেওয়ান ও পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্রুসি মারমা। এ ছাড়া সংহতি বক্তব্য দেন খাগড়াছড়ি পৌর কাউন্সিলর মিলন দেওয়ান মনাঙ, শরণার্থী কল্যাণ সমিতির অর্থ সম্পাদক সুকৃতি জীবন চাকমা। সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের জনগণের তীব্র প্রতিবাদ-বর্জনের পরও ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী একতরফা শুনানির ঘোষণা দিয়েছেন। তিনি স্বৈরাচারী এরশাদ ও জিয়াউর রহমানের শাসনামলে নিয়ে আসা পুনর্বাসিত বাঙালিদের দ্বারা বেদখলকৃত হাজার হাজার একর ভূমির আইনগত বৈধতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত রয়েছেন। পার্বত্য চট্টগ্রামের জনগণ কমিশন চেয়ারম্যানের এই একতরফা শুনানি কখনোই মেনে নেবে না। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ২০ মের মধ্যে শুনানি কার্যক্রম বাতিল করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। কমিশন চেয়ারম্যান ভূমি সমস্যার নামে জটিলতা সৃষ্টি করতে চাইলে যেকোনো পরিস্থিতির জন্য সরকারকে দায়ী থাকতে হবে। বক্তারা অবিলম্বে ভূমি কমিশনের শুনানি বাতিল ও সব কার্যক্রম বন্ধ রাখা, প্রথাগত ভূমি অধিকারের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি বেদখল বন্ধ করা ও বেদখলকৃত ভূমি ফিরিয়ে দেওয়া, ভূমি কমিশনের অগণতান্ত্রিক ধারা সংশোধন, পুনর্বাসিত বাঙালিদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সমঞ্চানজনক পুনর্বাসন এবং অবৈধ ভূমি বন্দোবস্ত বাতিলের দাবি জানান। রাঙামাটি: একই দাবিতে রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সমাবেশে কাল রোববারের মধ্যে শুনানি বাতিল করা না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগণ যুগ যুগ ধরে প্রথাগত পদ্ধতিতে ভূমি ভোগদখল করে আসছে। কিন্তু ভূমি কমিশন পাহাড়িদের সেই অধিকারকে অস্বীকার করে গণতান্ত্রিক ও একতরফাভাবে ভূমি সমস্যার সমাধান করতে চাইছে, যা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না। সংগঠনের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান ২ মে খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ২৩ ও ২৪ মে ভূমিবিরোধ নিষ্পত্তির মামলার শুনানির দিন নির্ধারণ করেন। এ সময় তিনি ঘোষণা দেন, এত দিন কমিশনের সদস্যরা উপস্থিত না থাকায় কোরাম সংকটের কারণে বিচার কার্যক্রম মুলতবি ছিল। তবে কোরাম সংকটের কারণে এখন তা থেমে থাকবে না। বিশেষ বিধানের মাধ্যমে মামলা নিষ্পত্তি করা হবে। গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক মাইকেল চাকমা জানান, ভূমি কমিশন চেয়ারম্যানের বিশেষ বিধানের মাধ্যমে ভূমিবিরোধের মামলা নিষ্পত্তির ঘোষণার পর থেকে পাহাড়িদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। চেয়ারম্যানের ঘোষিত তারিখে অগণতান্ত্রিকভাবে শুনানি কার্যক্রম শুরু করা হলে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। দীঘিনালা (খাগড়াছড়ি): গতকাল সকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার লারমা স্কয়ারে এক প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি বিধান চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সম্পাদক রেমিন চাকমা, উপজেলা শাখার সহসভাপতি জীবন চাকমা, সাধারণ সম্পাদক আলো জীবন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ উপজেলা শাখার সভাপতি রজেন্টু চাকমা, দীঘিনালা ডিগ্রি কলেজ শাখার সভাপতি অংকন চাকমা প্রমুখ। বক্তারা অবিলম্বে পার্বত্য ভূমি কমিশনের শুনানি বাতিল করে প্রথাগত ভূমি অধিকারের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান।প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন চেয়ারম্যান খাদেমুল ইসলাম চৌধুরী ২০১০ সালের ডিসেম্বর থেকে ভূমিবিরোধ নিষ্পত্তির জন্য কয়েক দফা শুনানির দিন ধার্য করেন। কিন্তু কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান, তিন সার্কেল-প্রধান বা রাজা এবং তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত না থাকায় বারবার কোরাম সংকট দেখা দেয়। ফলে শুনানি স্থগিত করে পরবর্তী দিন ধার্য করে আসছিলেন। কিন্তু ২ মে কমিশন চেয়ারম্যান প্রথমবারের মতো ঘোষণা দেন, ‘আইনের বিশেষ বিধানের মাধ্যমে ভূমিবিরোধ নিষ্পত্তি করা হবে।’