কমিশনের সঙ্গে দ্বন্দ্ব: সচিবকে প্রত্যাহারে দুদক চেয়ারম্যানের ডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুদক সচিব মাকসুদুল হাসান খান
দুদক সচিব মাকসুদুল হাসান খান

কমিশনের সঙ্গে দ্বন্দ্বের জের হিসেবে প্রত্যাহার হচ্ছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মাকসুদুল হাসান খান। তাঁকে প্রত্যাহার করে নতুন একজন সচিব নিয়োগ দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকালে কঠোর গোপনীয়তা রক্ষা করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী বরাবর আধা সরকারি পত্র (ডিও লেটার) পাঠিয়েছেন দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান। দুদকের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।
দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। কিছু বলতে চাই না।’
গত বছরের ৬ আগস্ট দুদকের সচিব হিসেবে নিয়োগ পান অতিরিক্ত সচিব মাকসুদুল হাসান খান। এর আগে তিনি পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ছিলেন। সম্প্রতি সচিব হিসেবে পদোন্নতি পান তিনি।
দুদকের একাধিক সূত্র জানায়, দুদকে যোগ দিয়েই কমিশনের (দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার) সঙ্গে প্রেষণে লোকবল নিয়োগসহ বিভিন্ন বিষয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মাকসুদুল হাসান খান। দুদক আইন অনুসারে শুধু সাচিবিক দায়িত্ব পালন করা তাঁর দায়িত্ব হলেও তিনি তা মানতেন না বলে অভিযোগ রয়েছে। অনুসন্ধান, তদন্ত, তদন্ত কর্মকর্তা নিয়োগ, বদলি, মামলা অনুমোদন ইত্যাদি সিদ্ধান্তের অনুলিপি তাঁকে দেওয়ার জন্য নির্দেশনা জারি করেন বলে সূত্রগুলো জানিয়েছে।
এ ছাড়াও কমিশনের অনেক কর্মকর্তার বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ ও বিভাগীয় মামলা করার কারণে তাঁর ওপর তীব্র অসন্তোষ তৈরি হয়। দুদকের কর্মকর্তারা কমিশনের কাছে সচিবের কর্মকাণ্ড নিয়ে অভিযোগ করেন। সূত্রগুলো আরও জানায়, কমিশনের সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি গণমাধ্যমকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলতেন। দুদকের নিয়মিত মাসিক ব্রিফিংয়েও অংশ নিতে চাইতেন না। এ কারণে গত সাত মাস ধরে দুদকের নিয়মিত প্রেস ব্রিফিং বন্ধ রয়েছে। তাঁর প্রশ্রয়েই দুদকের কর্মকর্তাদের একটি অংশ দুদক কার্যালয়ে সংবাদ কর্মীদের প্রবেশ নিষিদ্ধ করার জন্য একাধিকবার চেষ্টা চালায় বলে অভিযোগ রয়েছে। অবশ্য কমিশনের হস্তক্ষেপে সে চেষ্টা সফল হয়নি।
সচিবের বিরুদ্ধে অভিযোগ, দুদকের নিজস্ব কর্মকর্তা এবং প্রেষণে আসা অন্য কর্মকর্তাদের মধ্যে দূরত্ব তৈরির মাধ্যমে তাদের মধ্যে বিরোধ উসকে দেন। এ ছাড়া প্রশাসন ক্যাডারের আরও কর্মকর্তাকে দুদকে বসাতে সচেষ্ট ছিলেন। মাস তিনেক আগে তাঁর উদ্যোগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দুদকে একটি চিঠি আসে বলে দুদকের সূত্রটি জানায়। ওই চিঠিতে প্রশাসন ও অন্যান্য ক্যাডার থেকে দুদকে কী ধরনের কর্মকর্তা প্রয়োজন সেটা জানতে চাওয়া হয়। অবশ্য কমিশন ওই বিষয়টি নাকচ করে দেয়।
সবশেষ দুদকে পদোন্নতি নিয়ে কমিশনের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছে যায়। কমিশন গঠিত বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভাপতি হিসেব দুদক সচিব মাকসুদুল হাসান খান কমিশনের মুখোমুখি অবস্থান নেন। পদোন্নতির ক্ষেত্রে কেবল জ্যেষ্ঠতাকে বিবেচ্য হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। গত রোববার কমিশনের সভায় দুদকের একজন কমিশনার দুদকের চাকরিবিধি অনুসারে জ্যেষ্ঠতাকে বিবেচনায় না এনে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে পদোন্নতির পক্ষে মত দেন। কিন্তু সচিব জ্যেষ্ঠতা অনুযায়ী পদোন্নতির বিষয়ে অনড় থাকেন। বৈঠকে উপস্থিত দুদকের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন।
ওই দিনের বৈঠকেই পদোন্নতির বিষয়ে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নিলেও এতে সই করেননি সচিব মাকসুদুল হাসান খান। কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতে, ডিপিসি গঠন করেছে কমিশন। সে কমিটি যা সুপারিশ করবে কমিশন তা হুবহু গ্রহণ করতে পারে, সংশোধন করতে পারে অথবা নতুন করে তালিকা তৈরি করতে পারে। এটা কমিশনের এখতিয়ার। ডিপিসির প্রস্তাব কমিশনের কাছে উপস্থাপন করার নির্দেশ দিলেও সচিব কমিশনকে জানিয়ে দেন, তিনি তালিকায় সই করবেন না। একপর্যায়ে সচিব তাঁকে দুদক থেকে অন্যত্র পাঠিয়ে দিতে নিজেই কমিশন চেয়ারম্যানকে অনুরোধ করেন। সে পরিপ্রেক্ষিতেই তাঁকে প্রত্যাহার করে নতুন সচিব নিয়োগ দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে দুদক সূত্রটি জানিয়েছে।
এ বিষয়ে জানতে আজ মঙ্গলবার সচিবের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।