কমে আসছে বাড়িতে মুড়ি ভাজার রেওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাস এলেই এখন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আর আগের মতো বাড়ি বাড়ি মুড়ি ভাজার ধুম পড়ে না। নানা কারণে এখন বাড়িতে এসব ঝামেলা করতে চান না অনেকে। গত দুই দিন উপজেলার রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা ও ধামাইনগর, ধানগড়া, চান্দাইকোনা, ব্রহ্মগাছা ইউনিয়নের ১০টি গ্রাম ঘুরে লোকজনের সঙ্গে কথা বলে তাঁরাই এসব কথা জানান।
রায়গঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নূরভানু বেগম (৫৯) বলেন, আগে রোজা শুরু হওয়ার মাস খানেক আগে থেকেই ইফতারির অন্যতম উপাদান মুড়ি ভাজার প্রস্তুতি শুরু করতে হতো। মুড়ি ভাজার জন্য আলাদা করে রাখা ধান সিদ্ধ করে শুকিয়ে ঢেঁকিতে ছেঁটে চাল তৈরি করে রাখা হতো। তারপর বাড়ির বউ-ঝি মিলে সারা দিন ধরে চলত শুধু মুড়ি ভাজা। সবাই মিলে মুড়ি ভাজা আর ইফতারের সময় সেই মুড়ি খাওয়ার আনন্দই ছিল আলাদা।
আরেক বাসিন্দা রাবেয়া বেগম বলেন, মুড়ি ভাজা খুব কষ্টের বলে এখনকার বউ-ঝিরা আর ওই ঝামেলায় যেতে চান না। এখন বাজারের মুড়িই ভরসা।
রণতিথা এলাকার মাসুদ রানা বলেন, এক কেজি মুড়ির চাল বাজার থেকে ৩২-৩৫ টাকায় কিনতে হয়। এরপর আছে খড়ি-শোলা আর মুড়ি ভাজার লোকের মজুরি। এত ঝামেলা না করে বাজার থেকে কেনা মুড়িতেই ইফতার করা সহজ।
এদিকে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক রুখসানা খাতুন বলেন, এখনকার বেশির ভাগ বউ-ঝি মুড়ি ভাজতে পারেন না। ফলে মুড়ি ভাজায় দক্ষ মানুষ ডাকতে হয়। তাঁরা প্রতি কেজি চাল ১০ টাকা হিসাবে ভেজে দেন। পরের কাজ অর্থাৎ, মুড়ি কাপড় দিয়ে পরিষ্কার করার কাজ বাড়ির লোকজনকেই করতে হয়।
মুড়ি ভাজায় দক্ষ ধানগড়া গুচ্ছগ্রামের মাহফুজা বেগম বলেন, প্রতি কেজি চাল ভাজতে ১০ টাকা মজুরি দিলেও বয়সের কারণে এখন আর এ কাজ করতে চান না তিনি। তারপরও কারও কারও ডাক ফেলতে পারেন না বলে রোজা আসার আগে আগে সেসব বাড়িতে গিয়ে মুড়ি ভেজে দিয়ে আসেন।
এলাকার প্রবীণ আত্তারুন্নেছা বেগম বলেন, কিছুদিন পর আর মুড়ি ভাজার লোকও খুঁজে পাওয়া যাবে না। কষ্টকর কাজ বলে কেউ এসব শিখতে চান না।
ব্যস্ততাসহ বিভিন্ন কারণে বাঙালির বিভিন্ন ঐতিহ্য হারিয়ে যাচ্ছে বলে আক্ষেপ করে ধানগড়া ইউনিয়নের জেকেএ মান্নান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান সরকার বলেন, নিজেদের ঐতিহ্য নিজেদেরই রক্ষা করতে হবে। রোজার দিনে ইফতারির প্রধান উপকরণ মুড়ি বাড়িতে ভাজার রেওয়াজ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।