কমে আসছে শীত
সকালে আজ আকাশে সূর্যের দেখা নেই। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশের গুমটভাব কমে এসেছে। সোয়া ১১টার দিকে অল্পস্বল্প নীলাকাশ উঁকি মারতে শুরু করে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শীতের দাপট সারা দেশেই কমে এসেছে। অবশ্য সেটি খুব বেশি মাত্রায় নয়।
সকালে রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল গতকাল ঈশ্বরদীতে ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।
এমনি করে দেশের প্রায় সব জায়গাতেই তাপমাত্রা দুই-এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে।
আবহাওয়া অধিপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।