বগুড়ায় বিরোধী দলের হরতালে ককটেল হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আদালত প্রাঙ্গণ। প্রায় প্রতিটি হরতালেই আদালত লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটছে। এ কারণে আইনজীবী, তাঁদের সহকারী ও বিচারপ্রার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ কাজ ছাড়া আদালত প্রাঙ্গণ ও বারে আইনজীবীদের আনাগোনাও কমে গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালে গত সোমবারও আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ কারণে বগুড়া আদালতের সরকারি কৌঁসুলি (এজিপি) ও জ্যেষ্ঠ আইনজীবী সালেক উদ্দিন সরদার আহত হন। এ ঘটনায় আইনজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রেজাউল করিম বলেন, সাম্প্রতিক সময়ের হরতালে লাগাতার ককটেল হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বগুড়ার আদালত। এতে আইনজীবী, বিচারকসহ সবাই শঙ্কিত। অতীতে কখনো এভাবে আদালতে হামলার ঘটনা ঘটেনি। হরতালে মামলার শুনানি বা একান্ত প্রয়োজন ছাড়া আইনজীবীরা কেউ আদালতে আসছেন না।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, হরতালকে পুঁজি করে দুষ্কৃতকারীরা বেশ কিছুদিন ধরে আলতাফুন্নেছা খেলার মাঠের দিক থেকে আদালত চত্বর লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করছে। এ অবস্থায় আদালতের নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আইনজীবী আবদুল লতিফ পশারী জানান, সাম্প্রতিক সময়ে বিরোধী দলের হরতাল কর্মসূচিতে আদালত চত্বরে ককটেল হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। মার্চ মাস থেকে এ পর্যন্ত আদালত চত্বরে প্রায় ২০ বার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রতিবারই হামলাকারীরা আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে পাশের আদালত ভবন লক্ষ্য করে ককটেল ছুড়ে মেরেছে। পুলিশ আদালতের নিরাপত্তা জোরদারের কথা বললেও ওই খেলার মাঠ থেকে হামলা বন্ধ করতে পারছে না।
মামলার কাজে সোমবার আদালতে আসা বগুড়ার সোনাতলা উপজেলার হলিদাবগা গ্রামের কছিম উদ্দিন বলেন, ‘বোমার শব্দে কান ফাটে যাওয়ার অবস্থা। অল্পের জন্যি বাঁচে গেচি। হরতালত আর আদালত আসমো না। বিচার চ্যাবার য্যায়া জান হারাবার পারমো না।’
জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মতিন জানান, এভাবে আদালত লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা বিচারব্যবস্থার জন্য চরম হুমকি। আদালতে আইনজীবী ও লোকজনের উপস্থিতি কমে গেছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জানান, আদালতে ককটেল নিক্ষেপের সঙ্গে হরতাল কর্মসূচির কোনো সংশ্লিষ্টতা নেই। ককটেল হামলার সঙ্গে বিএনপির কেউ জড়িতও নয়।