কমে গেছে নিবন্ধনহীন মোটরসাইকেল চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের নজরদারি আর ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ভয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিবন্ধনহীন মোটরসাইকেলের চলাচল কমে গেছে। কিছুদিন আগেও এখানে নম্বরবিহীন মোটরসাইকেলের অবাধ চলাচল ছিল।
উপজেলার ধানগড়া এলাকার আসাদুল আলম বলেন, নিবন্ধনহীন মোটরসাইকেলচালকদের বেপরোয়া চলাচলের কারণে কয়েক দিন আগেও রাস্তায় চলা দায় ছিল। এখন অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, নিবন্ধনহীন যান আইনের দৃষ্টিতে অবৈধ। তাই এসব যানবাহনের বিরুদ্ধে নজরদারি আরও বাড়ানো হবে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার বলেন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।
তবে নাম প্রকাশ না করার শর্তে পাঁচজন মোটরসাইকেল মালিক বলেন, কিস্তিতে মোটরসাইকেল কিনেছি। এখনো টাকা শোধ না হওয়ায় শোরুমের লোকজন কাগজ দেয়নি। লাইসেন্সের জন্য আবেদন করব কীভাবে? আগে বিভিন্ন
কাজে মোটরসাইকেল ব্যবহার করলেও বর্তমানে তা বন্ধ রাখতে হয়েছে।
স্থানীয় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের চারজন শিক্ষক বলেন, বিভিন্ন কারণে মোটরসাইকেলের নিবন্ধন করা হয়নি। তাই বর্তমানে মোটরসাইকেল বের করছি না। কাগজ করতে দিলে এ ঝামেলা থাকবে না বলে তাঁরা জানান। ভাড়ায় মোটরসাইকেল চালকদের তিনজন বলেন, ‘ধার-দেনা করে কিছু টাকা দিয়ে একটি মোটরসাইকেল নিয়ে এসে দিন ভালোই কাটছিল । কিন্তু হঠাৎ করে পুলিশ আর মোবাইল কোর্টের কারণে আমাদের চলাফেরা বন্ধ হয়ে গেছে।’
খোঁজ নিয়ে জানা যায়, মোটরসাইকেলের নিবন্ধন না করে অনেকেই জরুরি বিদ্যুৎ, ডিশ লাইন, সাংবাদিক, বিভিন্ন অফিসের নাম ব্যবহার করে চলতেন। এ বিষয়ে গত ১৩ ডিসেম্বর প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।