
দুপায়ে পরেছে যেন উলের সাদা মোজা, চোখের ওপরে টেনেছে কাজলরেখা, চিবুক-মাথা-ঘাড়-গলাসহ বুক-পেট ও লেজের তলা তুলার মতো সাদা, পিঠ ধূসরাভ, ডানার শেষ প্রান্তের পালক কালো। ঘাড়ের কাছটাও কালো। ছিপছিপে গড়নের গাঙচিলসদৃশ এই পাখিটি দেখতে সুদর্শন। বাংলাদেশের সবচেয়ে ছোট চিল এটি। ছোট বাঁকা-কালো ঠোঁট ও মাথার পেছনের একটুখানি পালক খুবই মনোহর। যখন শিকার নজরে পড়ে, উত্তেজিত হয় বা কোনো কারণে ভয় পায়, তখনই কেবল দেখা যায় জেগে ওঠা ছোট্ট খোঁপাসদৃশ সাদা পালক। লাল চোখের তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী ও খোলা মাঠের এই শিকারি পাখিটির প্রধান অস্ত্র দুপায়ের তীক্ষ্ণ° নখরগুলো। চারদিকের ঘাস-মাটিতে চোখ বোলায় সার্চলাইটের মতো, শিকার নজরে পড়লেই উড়াল দেয়। সরাসরি নয়, শিকারের ওপরের আকাশে গিয়ে শাঁ শাঁ বেগে ডাইভ মেরে নামে। শিকার ধরতে ব্যর্থ হলে তীব্র স্বরে দু-তিনটি ডাক ছাড়ে ব্যর্থতায়। শিকার নখরে গাঁথলে তখন আবার ডাক ছেড়ে নিজেকেই যেন ধন্যবাদ জানায়। শিকার চতুর হলে এই পাখিরা শিকার টার্গেট করে শূন্যে হোভারিং করে, শূন্যে নান্দনিক নৃত্য-সৌন্দর্যও সৃষ্টি করে। মাঠের ওপর দিয়ে যখন ওড়ে এরা, তখন মনে হতে পারে যে সাদা কাগজ দিয়ে বানানো খেলনা বিমান বাতাসে ছুড়ে দিয়েছে কোনো দুষ্টু বালক। আবার গাঙচিলের মতোও মাটি সমান্তরালে ওড়ে, মনে হতে পারে ছোট গাঙচিল।
পাখিটির নাম কালো ডানার চিল, সাদা চিল, আদা চিল, মেঠো চিল। বৃহত্তর খুলনায় পরিচিত ট্যাপা চিল নামে। মূল খাদ্য এদের পোকামাকড়, কীটপতঙ্গ, ব্যাঙ, নাগরবাটই বা বুনো কোয়েলের ছানা, গিরগিটি ইত্যাদি। দৈর্ঘ্য ৩৩ থেকে ৩৫ সেমি। ওজন ১৫৮ থেকে ১৬৪ গ্রাম। এটা একসময় সারা দেশেই দেখা যেত। এখন কমে যাচ্ছে। ক্রমেই দুর্লভ হয়ে উঠেছে।
বাসা করার সময় এদের দুভাগে বিভক্ত, ফাল্গুন-জ্যৈষ্ঠ মাস ও কার্তিক-পৌষ মাস। মাঝারি বা বড় গাছের পাতাপূর্ণ বা ন্যাড়া ডালে অনেকটাই কাকের মতো অগোছালো বাসা করে শুকনা সরু ডালপালা দিয়ে। অনেক সময় দাঁড়কাক-বক ও হাঁড়িচাঁচার বাসাও দখল করে। ওদের পরিত্যক্ত বাসাও ব্যবহার করে। বাসা বাঁধতে সময় লাগে ৮ থেকে ৯ দিন। ডিম পাড়ে ৪টি। ডিম ফুটে ছানা হয় ২৬ থেকে ২৮ দিনে। ছানারা উড়তে পারে ৩০ থেকে ৪০ দিনে।