এবার রাজশাহী শিক্ষা বোর্ডে গতবারের চেয়ে পাসের হার কমেছে। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। সবচেয়ে বেশি খারাপ করেছে মানবিক বিভাগ। বোর্ড কর্তৃপক্ষ বলছে, নতুন করে আরও দুটি বিষয়ে সৃজনশীল প্রশ্নপত্র হওয়ায় গত বছরের তুলনায় ফল খারাপ হয়েছে।২০১০ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৮৫ দশমিক ৬১ শতাংশ। এবার তা কমে হয়েছে ৮০ দশমিক ৩২ শতাংশ।এবার বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৩০ হাজার ৭৯৬ জন। পাস করেছে এক লাখ চার হাজার ৪১১ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা নয় হাজার ৯৩৭। গত বছর বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১০ হাজার ৫৬৮ জন।এবার বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৯ দশমিক ৯২ শতাংশ। গতবার এই হার ছিল ৯০ দশমিক ৩৬ শতাংশ। বাণিজ্য বিভাগে এবার পাসের হার ৮৪ দশমিক ৬৫ শতাংশ। গতবার ছিল ৮৭ দশমিক ৪৯ শতাংশ। মানবিক বিভাগে এবার পাসের হার ৭৪ দশমিক ৩৮ শতাংশ। গতবার এই হার ছিল ৮২ দশমিক ৯৩ শতাংশ। এবার রাজশাহী বোর্ডে পাসের হার কমার অন্যতম কারণ মানবিক বিভাগের ফল বিপর্যয়।গতবার পরীক্ষায় অংশ নেওয়া বিদ্যালয়ের সংখ্যা ছিল দুই হাজার ৩৫৭টি। এবার তা বেড়ে হয়েছে দুই হাজার ৩৭৬টি। কিন্তু ১৯টি বিদ্যালয় বাড়লেও এবার ছাত্রসংখ্যা কমেছে তিন হাজার ৮২৩ জন। গতবার শতভাগ পাস করেছিল ১৪১টি বিদ্যালয় থেকে। এবার তা করেছে ৭৬টি বিদ্যালয় থেকে।রাজশাহীর পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক আলী আকবর বলেন, বিদ্যালয়গুলোতে সৃজনশীল প্রশ্নপত্রের জন্য শিক্ষার্থীদের আগে থেকে তৈরি করা হয়নি।গতবারের চেয়ে ফল খারাপ হওয়ার বিষয়টি স্বীকার করে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম এ হুরাইরা বলেন, গতবার শিক্ষার্থীরা মাত্র দুটি সৃজনশীল বিষয়ে পরীক্ষা দিয়েছিল। এবার তারা চারটি বিষয়ে সৃজনশীল পরীক্ষা দিয়েছে। নতুন করে সাধারণ বিজ্ঞান ও রসায়ন বিষয়ে সৃজনশীল প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ জন্য শিক্ষকদের এমন একসময়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে প্রশিক্ষণ শেষ হতে হতেই শিক্ষার্থীদের নির্বীচনী পরীক্ষা শেষ হয়ে গেছে। ফলে শিক্ষার্থীরা প্রশিক্ষিত শিক্ষকদের কোনো যত্ন পায়নি। মানবিক বিভাগের ফল বিপর্যয়ের ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, সাধারণ বিজ্ঞানের সৃজনশীল প্রশ্নের কারণেই মানবিক বিভাগের এই ফল বিপর্যয়।