কমেছে পাসের হার ও জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী পিইসিতে জিপিএ-৫ পাওয়ার আনন্দে জড়িয়ে ধরেছে মাকে l ছবি: প্রথম আলো
সিলেট ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী পিইসিতে জিপিএ-৫ পাওয়ার আনন্দে জড়িয়ে ধরেছে মাকে l ছবি: প্রথম আলো

সিলেটে চলতি বছরের এপ্রিল, জুলাই ও আগস্ট মাসে তিন দফা বন্যার প্রভাব পড়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে। তাই গতবারের চেয়ে এবার পাসের হার কমেছে। এমনকি গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ কম পেয়েছে ২ হাজার ৬৩৪ শিক্ষার্থী। গতকাল শনিবার শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা ফলাফল ঘেঁটে এ তথ্য পাওয়া গেছে।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানিয়েছে, এবার বোর্ডে জেএসসিতে পাসের হার ৮৯ দশমিক ৪১। গত বছর পাসের হার ছিল ৯৩ দশমিক ৩৭। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬২১ জন। গত বছর পেয়েছিল ১০ হাজার ২৫৫ জন শিক্ষার্থী। কমেছে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও। গতবার যেখানে এ সংখ্যা ছিল ২৪৪টি, এবার তা কমে ১৭১টিতে পৌঁছেছে।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ বলেন, ‘সারা দেশে পাসের হার ৮৩ দশমিক ৬৫। সে তুলনায় আমাদের ফলাফল ভালো হয়েছে। আগামীতে যেন ফলাফল আরও ভালো হয়, সে জন্য বোর্ডের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেওয়া হবে।’

গণিতে খারাপ ফল
সিলেট শিক্ষা বোর্ডের চার জেলা থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৩৫ হাজার ২০২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১ লাখ ২০ হাজার ৮৮২ জন। অকৃতকার্য ১৪ হাজার ৩২০ জন শিক্ষার্থীর মধ্যে গণিত বিষয়ে খারাপ করেছে বেশি। এবার গণিতে পাস করেছে ৯৩ দশমিক ৮১ শতাংশ শিক্ষার্থী, গতবার করেছিল ৯৮ দশমিক ৪২ শতাংশ।
গণিতের পরই ইংরেজি বিষয়ে বেশিসংখ্যক শিক্ষার্থী খারাপ করেছে। এবার ইংরেজিতে পাস করেছে ৯৬ দশমিক ০৬ শতাংশ শিক্ষার্থী। গতবার এ বিষয়ে পাসের হার ছিল ৯৬ দশমিক ৫৬। তবে গত বছর ছেলেদের ফলাফল ভালো হলেও এবার মেয়েরা ভালো ফল করেছে। এবার পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৮৯ দশমিক ২৪ শতাংশ ছেলে এবং ৮৯ দশমিক ৫৩ শতাংশ মেয়ে। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলে ৩ হাজার ১৭০ জন এবং মেয়ে ৪ হাজার ৪৫১ জন। গতবার ছেলেরা ৯৩ দশমিক ৫৩ শতাংশ এবং মেয়েরা ৯৩ দশমিক ২৪ শতাংশ পাস করেছিল।

দুই কারণে ফলাফলে প্রভাব
দুটি কারণে পাসের হার ও জিপিএ-৫ কমেছে বলে মনে করছেন বোর্ডের কর্মকর্তারা। তাঁদের মতে, সিলেট বিভাগে এ বছর তিন দফা বন্যা এবং চলতি বছর থেকে চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা এবং জীবন ও কর্মমুখী শিক্ষা বিষয়ের পরীক্ষা উঠিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বন্যা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হয়েছে।
সিলেট শিক্ষা বোর্ডের সচিব মো. মোস্তফা কামাল আহমদ বলেন, ‘চলতি বছরের নানা সময়ে সিলেটের চারটি জেলায়ই দীর্ঘস্থায়ী বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান সাময়িক সময়ের জন্য বন্ধও ছিল। এর প্রভাব ফলাফলে পড়ছে। এ ছাড়া এবার শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী তিনটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সাধারণত এসব বিষয়ে শিক্ষার্থীরা ভালো ফল করে। এ দুটি কারণেই পাসের হার কমার পাশাপাশি জিপিএ-৫ কমেছে।’

এগিয়ে সিলেট পিছিয়ে সুনামগঞ্জ
বোর্ডের চার জেলার ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে সবার ওপরে সিলেট জেলা এবং সবার নিচে সুনামগঞ্জ জেলা। আর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় সুনাগঞ্জ ফলাফলের দিক দিয়ে পিছিয়ে রয়েছে।
সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় পাসের হার যথাক্রমে ৯২ দশমিক ০৪, ৮৮ দশমিক ২৮, ৮৮ দশমিক ০৫ এবং ৮৭ দশমিক ৪৩। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ বলেন, হাওর অধ্যুষিত এলাকা হওয়ায় সুনামগঞ্জ জেলার ফলাফল অন্যান্য জেলার
ফলাফল থেকে একটু খারাপ হয়। তবে এ অবস্থার উত্তরণ ঘটাতে বোর্ড ভবিষ্যতে কার্যকর উদ্যোগ নেবে।