সিলেট শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার কমেছে। তবে জিপিএ-৫ বেড়েছে। এবার পাসের হার ৮০ দশমিক ২৬। গত বছর এই হার ছিল ৮৪ দশমিক ৭৭। এবার পাসের হার কমেছে ৪ দশমিক ৫১। তবে জিপিএ-৫ বেড়েছে ৩৯৭টি। এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৬৩ জন পরীক্ষার্থী।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম গতকাল বৃহস্পতিবার দুপুরে ফলাফল ঘোষণার পর প্রথম আলোকে বলেন, পরীক্ষার্থীরা গণিত বিষয়ে তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে। এ ছাড়া উত্তরপত্র মূল্যায়নের ব্যাপারে এবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষকদের আরও বেশি মনোযোগী হওয়ার নির্দেশনা ছিল।
জিপিএ-৫ বৃদ্ধির প্রসঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তিবান্ধব পাঠদান চালু হয়েছে। এ কার্যক্রম আবার জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে। জিপিএ-৫ বৃদ্ধি পাওয়ার পেছনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবার ৯৩ হাজার ৯১৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৫ হাজার ৩৭৪ জন। তাদের মধ্যে ৩৩ হাজার ৬৫৫ জন ছেলে এবং ৪১ হাজার ৭১৯ জন মেয়ে। পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েদের অংশগ্রহণ বেশি থাকলেও গত চার বছরের ধারাবাহিকতায় এবারও মেয়েদের তুলনায় ছেলেরা পাসের হার এবং জিপিএ-৫-এর দিক দিয়ে এগিয়ে রয়েছে। এবার ছেলেদের পাসের হার ৮০ দশমিক ৮৫ এবং মেয়েদের পাসের হার ৭৯ দশমিক ৭৯। এবার ১ হাজার ৪২৭ জন ছেলে এবং ১ হাজার ২৩৬ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে। আগের চার বছরের মতো এবারও বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ফলাফল সবচেয়ে ভালো। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯০ দশমিক ৯২। মানবিকে পাসের হার ৭৫ দশমিক ৯৭ এবং ব্যবসায় শিক্ষায় পাসের হার ৮৮ দশমিক ৯৪। ৮৭২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার পরীক্ষার্থীরা অংশ নিয়েছে, যেখান থেকে ৩৭টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন প্রতিষ্ঠানের সংখ্যা শূন্য।
এ শিক্ষা বোর্ডের অধীনে থাকা চারটি জেলার মধ্যে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে সিলেট জেলা সেরা। এ জেলা থেকে ৩৪ হাজার ৭৮৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৯ হাজার ৩২৬ জন। পাসের হার ৮৪ দশমিক ৩১ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪২১ জন।
পাসের হারের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সুনামগঞ্জ জেলা। এ জেলা থেকে ২০ হাজার ৯৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৬ হাজার ৩৫৪ জন। পাসের হার ৮১ দশমিক ৩৮। তবে জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে এ জেলার অবস্থান সবার নিচে। এ জেলা থেকে ২৪৬ জন জিপিএ-৫ পেয়েছে।
গতকাল বেলা ১১টায় ফলাফল ঘোষণা উপলক্ষে শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সিলেট শিক্ষা বোর্ডের সচিব মো. মোস্তফা কামাল বক্তব্য দেন। পাসের হার কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, গণিতে শিক্ষার্থীরা তুলনামূলকভাবে ফল খারাপ করেছে। এ বিষয়ে পাসের হার ৯১ দশমিক ১৯। এ ছাড়া এবারই নতুন যুক্ত হওয়া আইসিটি ও ক্যারিয়ার এডুকেশন বিষয়ে ৪ শতাংশ পরীক্ষার্থী খারাপ করেছে। এ কারণে সার্বিক পাসের হারে কিছুটা প্রভাব পড়েছে।