এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে। বেড়েছে জিপিএ-৫-এর সংখ্যা। একই সঙ্গে মেয়েরা ভালো ফল করেছে। তার ওপর শত ভাগ পাস করা কলেজের সংখ্যা বেড়েছে। নেই শূন্য ভাগ পাস করা কলেজও। তবে সার্বিক ফলাফল নিয়ে সন্তুষ্ট নন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুন্ডু গোপীদাস। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে ৬৩ হাজার ৯৭ জন পরীক্ষা দেয়। এর মধ্যে পাস করেছে ৪২ হাজার ৮৩৭ জন। পাসের হার ৬৮ দশমিক ৬৮। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩৮৯ জন। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৩ দশমিক ১৩ এবং জিপিএ-৫ পেয়েছিল এক হাজার ১৬৮ জন। এবার পাসের হার কমেছে গতবারের তুলনায় ৪ দশমিক ৪৫ শতাংশ। একইসঙ্গে জিপিএ-৫ বেড়েছে ২২১টি।পাসের হারে মেয়েরা এগিয়ে: কুমিল্লা শিক্ষা বোর্ডে এ বছর মেয়েরা ভালো ফল করেছে। বিজ্ঞান বিভাগে পাসের হার ৭১ দশমিক ১৭। এর মধ্যে মেয়েদের পাসের হার ৭৩ দশমিক ৩৮। অন্যদিকে ছেলেদের পাসের হার ৬৯ দশমিক ৮১। বিজ্ঞানে মেয়েরা ৩ দশমিক ৫৭ শতাংশ বেশি। মানবিকে পাসের হার ৫৭ দশমিক ৬৩। এর মধ্যে মেয়েদের পাসের হার ৫৮ দশমিক ১২। ছেলেদের পাসের হার ৫৬ দশমিক ৫৪। মানবিকে মেয়েরা ১ দশমিক ৫৮ শতাংশ বেশি। ব্যবসায় শিক্ষা শাখায় পাসের হার ৭৫ দশমিক ৪২। এর মধ্যে মেয়েদের পাসের হার ৭৬ দশমিক শূন্য ২। ছেলেদের পাসের হার ৭৫ দশমিক শূন্য ৪। ব্যবসায় শিক্ষায় মেয়েরা দশমিক ৯৮ শতাংশ বেশি। মানবিকে জিপিএ-৫ পাওয়া ৬২ জনের মধ্যে ৪৭ জনই মেয়ে। ব্যবসায় শিক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩৯৬ জনের মধ্যে ২০৯ জনই মেয়ে। কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জোহরা আনিস বলেন, পড়াশোনার প্রতি সচেতন ছিল বলেই মেয়েরা ভালো ফল করেছে। একই সঙ্গে মেয়েদের পড়াশোনার ব্যাপারে অভিভাবকেরা দায়িত্বশীল হওয়ায় এ ফল হয়েছে।শীর্ষ ২০-এর আটটিই কুমিল্লার: শীর্ষ ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আটটি প্রতিষ্ঠানই কুমিল্লা জেলার। এগুলো হচ্ছে—কুমিল্লা ক্যাডেট কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ, সোনার বাংলা কলেজ, অধ্যাপক আবদুল মজিদ কলেজ, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ ও জুরানপুর আদর্শ কলেজ। এ ব্যাপারে কুমিল্লা সরকারি কলেজের শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শহিদুল ইসলাম বলেন, নামকরা কলেজগুলোই শীর্ষস্থানে রয়েছে। জেলার অন্যান্য কলেজকে ভালো ফল করতে হলে সমন্বিত উদ্যোগ নিতে হবে। পাঠদানের কৌশল বদলাতে হবে। দক্ষ শিক্ষক নিয়োগ দিতে হবে। সাতটি কলেজে শত ভাগ পাস: কুমিল্লা শিক্ষা বোর্ডে এ বছর সাতটি কলেজের সব পরীক্ষার্থী পাস করেছে। এর মধ্যে ফেনী গালর্স ক্যাডেট কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ, মিয়াবাজার কলেজ, নূরুল আজাদ কলেজ, সিসিয়ান মডেল কলেজ ও বগইর বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের নাম রয়েছে। ২০১০ সালে পাঁচটি, ২০০৯ সালে তিনটি, ২০০৮ সালে চারটি, ২০০৭-এ একটি কলেজ থেকে শত ভাগ শিক্ষার্থী পাস করে। জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুন্ডু গোপীদাস বলেন, ‘বোর্ডের সার্বিক ফলাফলে আমি খুশি নই। পাঠদানের সময় কম ও কঠিন প্রশ্ন হওয়ার কারণে এবার সমগ্র ফলাফলের ওপর চাপ পড়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সচেতনতা আর ব্যবস্থাপনা কমিটির শিক্ষাবান্ধব উদ্যোগ থাকলেই বোর্ডের ফল আরও ভালো হবে।’