চট্টগ্রামে পেঁয়াজ-রসুন, আদা ও সবজির দাম আরও এক দফা কমেছে। সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের পাইকারি দোকানে গতকাল পেঁয়াজের কেজি ছিল ৩০-৩২ টাকা, রসুন বিক্রি হয় ১০২-১০৩ টাকায়। এর আগের সপ্তাহে পাইকারি দোকানে পেঁয়াজের কেজি ছিল ৩৫-৩৬ টাকা, রসুন বিক্রি হয় ১০৪-১০৫ টাকা কেজিতে।কর্ণফুলী বাজারে মাঝারি আকারের ফুলকপি, বাঁধাকপি প্রতিটি ৮-১০ টাকা কেজিতে বিক্রি হয়। বিক্রেতারা বলেছেন, তাঁরা এগুলো বস্তা হিসেবে কেনেন বলে এভাবে বিক্রি করছেন। তা ছাড়া সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে। একই বাজারে টমেটো ৫-১০ টাকা, শিম ২৪-২৫ টাকা, মুলা ১০-১২, শিমের বিচি ৫৫-৬০, পেঁয়াজপাতা ১০-১২, বেগুন ১৫-১৬, মিষ্টিকুমড়া ২০-২২, লাউ ১২-১৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কাঁচা মরিচের কেজি ছিল ৩৫-৩৬ টাকা। অথচ গত সপ্তাহেও কাঁচা মরিচের কেজি ছিল ৫০-৫২ টাকা। বাজারে ছোট ও বড় আকারের ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৫৫-১৬০ টাকায়।