কমেছে বৃষ্টি, বাড়বে গরম
রাজধানী ঢাকায় গতকাল বৃহস্পতিবার রাতে বেশ বৃষ্টি হয়েছে। দিনের আলো ফোটার পর বৃষ্টির পরিমাণ কমে এসেছে। আবহাওয়া অধিদপ্তরের ভাষ্য, জ্যৈষ্ঠের প্রায় মাঝামাঝি এই সময়ে বৃষ্টির দাপট আর থাকবে না। দু-এক দিনের মধ্যে বেশ গরম পড়তে পারে।
মৌসুমি বায়ু বাংলাদেশে এখনো আসেনি। তবু কালবৈশাখীর প্রভাবে দেশের বেশির ভাগ এলাকার আকাশ কালো হয়ে অঝোরে বৃষ্টি ঝরেছে। ঢাকার বিভিন্ন গলিপথ থেকে শুরু করে রাজপথেও জমেছে হাঁটুসমান পানি।
ঢাকায় গতকাল রাত ১২টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। বেলা একটা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে মাত্র দুই মিলিমিটার। তবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছিল ভাপসা গরম। অবশ্য দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলেও বৃষ্টির দাপট রয়েছে। কক্সবাজারে বৃষ্টিপাতের পরিমাণ ৫৮ মিলিমিটার। সারা দেশে আজ বৃষ্টিপাতের এটাই সর্বোচ্চ রেকর্ড।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, ‘এবার গত তিন-চার বছরের তুলনায় বৃষ্টি বেশি হয়েছে। তবে খুব বেশি, তা নয়। পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি কমে আসবে। জ্যৈষ্ঠ মাসে গরম পড়বে। এর সঙ্গে আর্দ্রতা বেড়ে শরীরে ঘাম ঝরবে।’
রাশেদুজ্জামান জানান, মৌসুমি বায়ু এখন মিয়ানমারের দক্ষিণাংশে অবস্থান করছে। ১০-১৫ দিনের মধ্যে তা বাংলাদেশের ওপর চলে এলে বৃষ্টির দাপট আবার শুরু হতে পারে।