কমেছে রাস্তার দূরত্ব, বেড়েছে ব্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে চার কিলোমিটার সড়কটির দৈর্ঘ্য কমেছে প্রায় দুই কিলোমিটার। ৬০ ফুট প্রস্থ নেমে এসেছে ৩৫ ফুটে। দৈর্ঘ্য-প্রস্থ কমলেও কমেনি নির্মাণ ব্যয়। উল্টো যে সড়কের নির্মাণ ব্যয় ছিল ১৩ কোটি ৭০ লাখ টাকা, তা বেড়ে এখন হয়েছে ৭২ কোটি ৫১ লাখ টাকা। এতে ব্যয় বেড়েছে প্রায় ৫৯ কোটি টাকা।
১১ বছর ধরে ঝুলে থাকা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সংযোগ সড়কটি নির্মাণের জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগ নতুন করে যে প্রকল্প প্রস্তাব পাঠিয়েছে, তাতে এই ব্যয় উল্লেখ করা হয়েছে। প্রকল্পটি একনেকের সভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এলাকাবাসী ও বগুড়ার সওজের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, ২০০৪ সালে বগুড়া শহরের সাতমাথা থেকে সাত কিলোমিটার দূরে প্রথম বাইপাস সড়কের সিলিমপুর এলাকায় স্থাপন করা হয় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল। সাতমাথার সঙ্গে সরাসরি যোগাযোগের কোনো রাস্তা না থাকায় বর্তমানে স্টেশন সড়কের তিনমাথা ও শেরপুর সড়কের বনানী হয়ে সাত কিলোমিটার পথ ঘুরে হাসপাতালে যাতায়াত করতে হয়। এ দুই সড়কে অধিকাংশ সময় যানজট লেগে থাকে। এতে মুমূর্ষু রোগী এবং রোগীর সঙ্গে আসা স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হয়।
দুর্ভোগ লাঘবে ২০০৪ সালে শহরের রেলস্টেশনের সামনে থেকে সেউজগাড়ি ও মোহাম্মদ আলী হাসপাতাল হয়ে সরাসরি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পর্যন্ত একটি সংযোগ সড়ক নির্মাণে প্রকল্প গ্রহণ করে সওজ। সাড়ে চার কিলোমিটার দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থ রেখে নকশা অনুমোদনের পর জমি অধিগ্রহণ, মাটি কাটা এবং কার্পেটিংসহ ওই সময় সড়কটির নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ১৩ কোটি ৭০ লাখ ৬৮ হাজার টাকা। ২০০৫ সালের ২ মে পরিকল্পনা কমিশন থেকে প্রকল্পটি অনুমোদনের পর দরপত্র আহ্বানের প্রক্রিয়া শেষ হয়। ১ দশমিক ১২ হেক্টর জমি অধিগ্রহণও করা হয়। প্রায় ৮০০ মিটার সড়কের মাটি কাটার কাজ শেষ হয়। সরকারের পালাবদলে আমলাতান্ত্রিক জটিলতায় ঝুলে যায় প্রকল্পটি। বাতিল হয় দরপত্র। তত দিনে স্টেশন সড়ক থেকে সেউজগাড়ি হয়ে মোহাম্মদ আলী হাসপাতাল পর্যন্ত গড়ে ওঠে কিছু বহুতল ভবন।
তবে সওজ বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং হাসপাতাল প্রশাসনের দাবির মুখে ২০১১ সালে সড়কটি নির্মাণে আবার প্রকল্প প্রস্তাব তৈরি করা হয়। ঘনবসতি ও বহুতল ভবন গড়ে ওঠায় সংশোধিত নকশায় সড়কটির দূরত্ব কমিয়ে ২ দশমিক ৬৪ কিলোমিটার এবং প্রস্থ কমিয়ে ৩৫ ফুট করা হয়। দূরত্ব ও প্রস্থ কমে গেলেও নির্মাণ ব্যয় বেড়ে যায় কয়েক গুণ। চলতি জানুয়ারি মাসে সড়ক বিভাগে পাঠানো প্রকল্প প্রস্তাবে ৫৮ কোটি ৮০ লাখ ৩২ হাজার টাকা বাড়িয়ে ব্যয় ধরা হয় ৭২ কোটি ৫১ লাখ টাকা।
সওজ বিভাগের বগুড়ার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘নকশা অনুযায়ী রেলস্টেশনের সামনে থেকে সেউজগাড়ি হয়ে হাসপাতাল পর্যন্ত সড়কটি নির্মাণ করতে গেলে অনেক বাসাবাড়ি ও বহুতল ভবন ভেঙে ফেলতে হবে। এ কারণে ১ দশমিক ৮৬ কিলোমিটার দৈর্ঘ্য ও ২৫ ফুট প্রস্থ কমিয়ে সড়কটি নির্মাণে নতুন নকশা চূড়ান্ত করা হয়। সংশোধিত প্রকল্পে নির্মাণ ব্যয় দাঁড়িয়েছে ৭২ কোটি ৫১ লাখ টাকা। ২০০৪ সালে সাড়ে চার কিলোমিটার সড়কের ভূমি অধিগ্রহণে ব্যয় হতো ৩ কোটি ৫ লাখ টাকা, সেখানে জমির দাম বেড়ে যাওয়ায় এখন ২ দশমিক ৬৪ কিলোমিটার সড়কেরই অধিগ্রহণ ব্যয় হচ্ছে ৪৫ কোটি ১০ লাখ টাকা। প্রকল্পটি একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
জাহাঙ্গীর আলম আরও জানান, সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রকল্পসংক্রান্ত কমিটির সভায় আগে অধিগ্রহণ করা ৮০০ মিটার সড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় তিন কোটি টাকা।