কমেছে রোগী, বেড়েছে অ্যাম্বুলেন্স ভাড়া
টানা অবরোধ ও হরতালে বগুড়ার হাসপাতালগুলোতে রোগী কমেছে। কিন্তু দ্বিগুণেরও বেশি বেড়েছে অ্যাম্বুলেন্স ভাড়া। অনেকে টাকা দিয়েও অ্যাম্বুলেন্স পাচ্ছেন না।
৫০০ শয্যাবিশিষ্ট বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, হরতাল ও অবরোধে রোগী কমে গেছে। অন্য সময় প্রতিটি বিভাগে শয্যাসংখ্যার চেয়ে অনেক বেশি রোগী ভর্তি থাকত। কিন্তু এখন অনেক বিভাগের শয্যা খালি পড়ে রয়েছে। একই চিত্র হাসপাতালটির বহির্বিভাগেও।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা বলেন, হাসপাতালের অন্তর্বিভাগে অন্য স্বাভাবিক সময়ে রোগী ভর্তি থাকে গড়ে ৮০০ থেকে ১০০০। এখন এ সংখ্যা ৭০০-৮০০। অন্যদিকে স্বাভাবিক সময়ে বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসাসেবা নিতে আসতেন গড়ে দেড় হাজার রোগী। এখন এ সংখ্যা কমে ১ হাজার থেকে ১ হাজার ২০০ তে নেমে এসেছে।
এদিকে রোগী কমেছে শহরের ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালেও। হাসপাতাল সূত্র জানায়, অন্য সময়ে এ হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৬০০ রোগী চিকিৎসাসেবা নিতেন। অবরোধ-হরতালে এখন বহির্বিভাগে রোগীর সংখ্যা ১০০ থেকে ১৫০ তে নেমে এসেছে। অবরোধ-সমর্থকদের ককটেল হামলা থেকে রক্ষা পায়নি হাসপাতালের একমাত্র অ্যাম্বুলেন্সও। সেটি এক মাস ধরে অকেজো হয়ে পড়ে থাকায় রোগী পরিবহন বন্ধ রয়েছে।
হাসপাতালগুলোর প্রশাসন ও বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া দেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বগুড়া থেকে ঢাকার বিভিন্ন হাসপাতালের বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া স্বাভাবিক সময়ে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা। অবরোধ-হরতালের কারণে সেই ভাড়া উঠেছে ১২ হাজার থেকে ১৫ হাজার টাকায়।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্রোগ বিভাগের রোগী আবদুল্লাহ আল মাহমুদকে রাজধানীর হার্ট ফাউন্ডেশনে নেবেন স্বজন আবদুল কুদ্দুস। ১৫ হাজার টাকাতেও কেউ যেতে রাজি হচ্ছে না। আবদুল কুদ্দুস বলেন, ‘রোগীর অবস্থা সংকটাপন্ন। অথচ টাকা দিয়েও অ্যাম্বুলেন্স মিলছে না।’
অ্যাম্বুলেন্স চালক আবদুর রহিম বলেন, ‘রোগীবাহী অ্যাম্বুলেন্সও পেট্রলবোমায় পুড়িয়ে দেওয়া হচ্ছে। ঢাকায় রোগী নিয়ে একটা খেপ দিয়ে দ্বিগুণ ভাড়া নিলেও পাঁচ হাজারের বেশি লাভ হবে না। কিন্তু অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিলে তো পথে বসতে হবে মালিককে।’