কমেছে রোজগার, দুর্ভোগে সাধারণ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন দিনের হরতালে নারায়ণগঞ্জের ব্যবসায়ী ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আয়-রোজগার কমে গেছে। সহিংসতার আশঙ্কায় শহরের প্রধান সড়কের ফুটপাতে পণ্য নিয়ে বসেননি হকাররা। মার্কেটগুলো খোলা থাকলেও ক্রেতার সংখ্যা ছিল খুবই কম।শহরের প্রধান কাঁচাবাজার দ্বিগুবাবু বাজারের ব্যবসায়ীরা বললেন, এবারের হরতালে মহাসড়কে পণ্যবাহী ট্রাক পোড়ানো হচ্ছে। বিভিন্ন স্থানে গাছ কেটে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে বাজারে সবজি ও তরিতরকারির আমদানি খুবই কম। তাই ট্রাক থেকে সবজি নামানো, বাছাই ও পরিষ্কারের কাজ করা শ্রমিকেরা প্রায় বেকার ছিলেন।সবজি ব্যবসায়ী মো. জসিম বলেন, তিনি একসময় ক্যাসেটে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ওয়াজ শুনতেন। পরে জানতে পারেন যে সাঈদী মুক্তিযুদ্ধের সময় নিরস্ত্র বাঙালিদের খুন, ধর্ষণ ও নির্যাতন করেছেন।জসিম বলেন, ‘খুনি যেই হোক, তাদের অবশ্যই ফাঁসি দিতে হইব। আইনের কাছে প্রমাণিত হইছে বইলাই কোর্ট তাঁরে (দেলাওয়ার হোসাইন সাঈদী) ফাঁসি দিছে। এহন তাঁরে বাঁচাইতে যেভাবে হরতাল ডাইকা দেশে গন্ডগোল করা হইতাছে, তাতে গরিব মানুষের পেটে লাথি পড়ছে। সাঈদীর লোকজনের উচিত, দেশে গন্ডগোল না কইরা কোর্টে গিয়া তাঁরে নির্দোষ প্রমাণ করা।’পোশাকশ্রমিক শাহনাজ বেগম ও তাঁর রিকশাচালক স্বামীকে মাসের ৫ তারিখের মধ্যে ঘরভাড়া দিতে হয় দুই হাজার টাকা। কিন্তু গতকাল পর্যন্ত ভাড়ার টাকা জোগাড় করতে পারেননি তাঁরা। শাহনাজ বলেন, ‘হরতাল না থাকলে কারখানার বাসেই আসা-যাওয়া করি। হরতালের কারণে অনেক কষ্ট করে পাঁচ কিলোমিটার হেঁটে আসা-যাওয়া করতে হয়। অন্যদিকে হরতালের কারণে যাত্রীর সংখ্যা কমে যাওয়ায় আমার স্বামীর আয়ও কমে গেছে।’নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর সহসভাপতি ও ফতুল্লার পঞ্চবটীতে অবন্তী কালার টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ আসলাম সানী বলেন, হরতালের কারণে তাঁর কারখানায় ২০ লাখ মার্কিন ডলারের উৎপাদিত পণ্য চট্টগ্রাম বন্দরে পাঠানো যাচ্ছে না।এফবিসিসিআই ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক প্রবীর কুমার সাহা বলেন, ‘টানা হরতালে শুধু রপ্তানিকারক, বৃহৎ শিল্পমালিকই নন, পাড়া-মহল্লার ক্ষুদ্র দোকানদারও চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দেশের মানুষের স্বার্থে দায়িত্বশীল সব পক্ষকে সংযত আচরণ করতে হবে।’