পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন উপকূলীয় এলাকার গভীর সাগরে ইলিশের দেখা মিলছে। মৌসুমের শুরুতে সাগরে ইলিশের আকাল দেখা দেওয়ায় জেলেরা হতাশায় ভুগছিলেন। এক সপ্তাহ ধরে ইলিশ ধরা পড়তে শুরু করায় তাঁদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে। কিন্তু জেলেরা গভীর সাগরে যেতে সাহস পাচ্ছেন না। একদিকে বাংলাদেশের জলসীমায় ভারতীয় ট্রলারের দাপট, অন্যদিকে জলদস্যুদের উৎপাতে জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, মৌসুমের শুরুতে সাগরে ইলিশের দেখা না মেলায় একরকম হাত-পা গুটিয়ে বসে ছিলেন জেলেরা। সাগরে গিয়ে একেবারে শূন্য হাতে ফিরে আসতেন অনেকে। পূর্ণিমার প্রভাব ও বৃষ্টি দেখা দেওয়ায় এক সপ্তাহ ধরে কিছু ইলিশ জালে ধরা পড়ায় জেলেরা আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করেন। কিন্তু জলদস্যু ও ভারতীয় ট্রলারের আগ্রাসন তাঁদের ভাবিয়ে তুলেছে।খোঁজ নিয়ে জানা যায়, গত ২৪ জুলাই সন্ধ্যার পর কুয়াকাটা সৈকতের লেম্বুর চর থেকে ৪০ কিলোমিটার গভীর সাগরে জলদস্যুদের হামলার শিকার হয় অন্তত ৪০টি মাছ ধরার ট্রলার। ২৫ জুলাই সুন্দরবনসংলগ্ন সাগরের পক্ষীদিয়ার নিকটবর্তী এলাকায় দুটি ট্রলার জলদস্যুদের হামলার শিকার হয়। ট্রলারের মাঝি সোহরাব হোসেন জানান, বাংলাদেশের জলসীমায় ভারতীয় ট্রলার ঢুকে ইলিশ ধরে নিয়ে যাচ্ছে। সেখানে তাঁদের জাল ফেলতে দিচ্ছে না। এ ছাড়া রয়েছে জলদস্যুদের তৎপরতা।মহিপুর-আলীপুর মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, বন্দরে ৫০টি ইলিশের আড়ত রয়েছে। গত বছর এ মৌসুমে প্রতিটি আড়তে ৫০ থেকে ১০০ মণ ইলিশ জেলেরা শিকার করে আনতেন। কিন্তু এখন আনছেন ২০-৩০ মণ। কিছু ইলিশ ধরা পড়ায় দামও কিছুটা কমেছে। জেলেরা নির্বিঘ্নে ইলিশ শিকার করতে পারলে এর দাম আরও কমবে বলে জানান তিনি। তিনি জানান, এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সাগরে জলদস্যুদের উৎপাত। দীর্ঘদিন বন্ধ থাকার পর জলদস্যুরা আবার তৎপরতা শুরু করেছে। ইতিমধ্যে জলদস্যুদের হামলা ও অপহরণের ঘটনা ঘটেছে।মহিপুর-আলীপুর মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ফজলু গাজী জানান, ভরা মৌসুমেও জেলেরা ইলিশ শিকারে যেতে পারছেন না। জলসীমা অতিক্রম করে ভারতীয় ট্রলার ঢুকে ইলিশ শিকার করে নিয়ে যাচ্ছে।কোস্টগার্ডের গণসংযোগ কর্মকর্তা লে. মাশরিক এ প্রসঙ্গে প্রথম আলোকে জানান, জেলেদের কাছ থেকে এ ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। সাগরে টহল অব্যাহত রয়েছে। গত শুক্রবার মংলা এলাকার ভারতীয় ট্রলার অনুপ্রবেশ করলে কোস্টগার্ড ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। জলদস্যু দমনেও তাদের তৎপরতা চলছে।