কম্পিউটার অপারেটরের ফল জালিয়াতির কথা স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দুমকি উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ফল জালিয়াতির ঘটনা ঘটেছে। উপজেলা শিক্ষা কার্যালয়ের গোপনীয় শাখার কম্পিউটার অপারেটর জাকির হোসেন গত রোববার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ফল জালিয়াতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ সত্ত্বেও গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত ওই কার্যালয় ও প্রশাসনের পক্ষ থেকে জাকিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হালিমের কাছে দেওয়া লিখিত জবানবন্দিতে জাকির হোসেন জানান, পরীক্ষার ফলাফল প্রকাশের গোপনীয় দায়িত্ব পালনকালে তিনি ৭৬৪ রোল নম্বরধারী আপন ভাগিনাকে বাংলায় ৭৮ নম্বরের স্থলে ৯০, গণিতে ৮৫-এর স্থলে ৯২ নম্বর দেন। একইভাবে ১১২৩ রোল নম্বরধারী ভায়রার মেয়েকে বাংলায় ৭৬ নম্বরের স্থলে ৯১, ইংরেজিতে ৮২-এর স্থলে ৯৫, পরিবেশ পরিচিতি সমাজে ৮০-এর স্থলে ৯০, পরিবেশ পরিচিতি বিজ্ঞানে ৮২-এর স্থলে ৯৩ ও ধর্ম বিষয়ে ৮৭-এর স্থলে ৯০ নম্বর দেন। জানা গেছে, গত ২০ ডিসেম্বর বিকেলে প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে উপজেলার সৃজনী বিদ্যানিকেতনের পরীক্ষার্থীদের মধ্যে পেছনের সারির কয়েকজন ৯০ শতাংশ নম্বর পায়। এতে প্রতিষ্ঠানের অপর ছাত্র, শিক্ষক ও অভিভাবকেরা বিস্মিত হন। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের অভিভাবকেরা ফলাফল চ্যালেঞ্জ করলে জালিয়াতির ঘটনা ধরা পড়ে। ক্ষুব্ধ অভিভাবকেরা এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হালিমের কাছে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে কম্পিউটার অপারেটর জাকির হোসনকে তলব করা হয়। রোববার সন্ধ্যায় জাকির নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ফল জালিয়াতির কথা স্বীকার করে লিখিত জবানবন্দি দেন। সৃজনী বিদ্যানিকেতনের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতি শ্রেণীতে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী শাম্মী আলমের মা সাবরিন জাহান লিখিত অভিযোগে সাংবাদিকদের জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের সহযোগিতায় একটি চক্র ফল পরিবর্তন করেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘আমার উপস্থিতিতেই জাকির কাজের মাঝে এ ঘটনা ঘটিয়েছে। আমি খেয়াল করতে পারিনি। তবে আমার বিরুদ্ধে অভিভাবকেরা যে অভিযোগ করেছেন, তা মিথ্যা ও ভিত্তিহীন।’ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আবদুল হালিম গত সোমবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমরা তদন্ত করে অভিযোগের আংশিক সত্যতা পেয়েছি। যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আমরা তাদের নম্বরপত্র দিইনি।’ কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না—জানতে চাইলে তিনি বলেন, কম্পিউটার অপারেটর জাকিরের বিরুদ্ধে মামলা করা হবে। কে বাদী হয়ে মামলা করবেন, তা নির্ধারণ করা হবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পরিচালনা কমিটির সভা ডেকে। তিনি নিজে এই কমিটির সভাপতি জানিয়ে ইউএনও বলেন, শিগগিরই সভা আহ্বান করা হবে।