কম্পিউটার উদ্ধারের দাবিতে মানববন্ধন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী হাসর উদ্দিন উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের চুরি হয়ে যাওয়া ছয়টি কম্পিউটার উদ্ধার ও জড়িত লোকজনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে। পাটগ্রাম-বুড়িমারী স্থলবন্দর আঞ্চলিক সড়কের বুড়িমারী বাজারে গতকাল সোমবার এ মানববন্ধন পালিত হয়।
সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকেরা অংশ নেন। এতে বক্তব্য দেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল হামেশ, দাতা সদস্য সায়েদুজ্জামান সাঈদ, প্রধান শিক্ষক রবিউল আলম খন্দকার, আবদুল আলিম, আবদুল কাদের প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে ঘটনায় জড়িত লোকজনকে গ্রেপ্তার ও চুরি হওয়া কম্পিউটার উদ্ধারের দাবি জানান।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই রাতে বিদ্যালয়ের নৈশপ্রহরীকে অচেতন করে কম্পিউটার ল্যাবের তালা ভেঙে ছয়টি কম্পিউটার চুরি করে দশম শ্রেণীর ছাত্র শাওন, রুবেল ও সাঈদ। এ ঘটনায় প্রধান শিক্ষক বাদী হয়ে শাওনকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ এজাহারভুক্ত আসামি রেজাউলসহ সাতজনকে গ্রেপ্তার করে।