প্রতিষ্ঠানটিতে কোনো শিক্ষার্থী নেই। অথচ সমম্বয়কারীসহ চার কর্মচারীর বেতন-ভাতা চলছে ঠিকই। তিন মাস ধরে কোনো প্রশিক্ষণার্থী ছাড়াই চলছে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত কাপাসগোলা কম্পিউটার কলেজ ক্যাম্পাস। দীর্ঘদিন ধরে করপোরেশনের নজরদারি, প্রতিষ্ঠানের কার্যক্রমের ব্যাপারে যত্নবান হওয়ার অভাব এবং প্রতিষ্ঠানের সমম্বয়কারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগের কারণে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ পাওয়া গেছে। তিন মাস আগে এই ক্যাম্পাসে ছয়জন প্রশিক্ষণার্থী এসব কারণে তাঁদের ভর্তি বাতিল করেন।চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নূরুল আলম নিজামী বলেন, ‘আমরা কাপাসগোলা কম্পিউটার কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সমস্যার বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। সমম্বয়কারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগেরও তদন্ত চলছে। একে একটি উন্নতমানের প্রশিক্ষণকেন্দ্রে পরিণত করার পরিকল্পনা রয়েছে আমাদের।’করপোরেশন সূত্রে জানা যায়, কাপাসগোলা কম্পিউটার কলেজ প্রতিষ্ঠা হয় ২০০১ সালে। একজন সমম্বয়কারী, একজন অফিস সহকারী, একজন পিয়ন ও একজন জেনারেটর অপারেটর কর্মরত আছেন। এ ক্যাম্পাসে সান্ধ্যকালীন প্রশিক্ষণে অফিস ব্যবস্থাপনা-বিষয়ক তিন ও ছয় মাস মেয়াদি দুটি কম্পিউটার কোর্সের ব্যবস্থা আছে। একসঙ্গে ২০ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে দুটি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হতো। ক্যাম্পাসে ১৫টি কম্পিউটারের মধ্যে সচল আছে কেবল পাঁচটি। প্রতিষ্ঠানের বর্তমান সমম্বয়কারী নূর-ই আলম ছিদ্দিকীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া যায়। অভিযোগ রয়েছে, ছিদ্দিকী নিয়মিত প্রতিষ্ঠানে আসেন না। তিনি নিয়মবহির্ভূতভাবে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে সনদ বাবদ টাকা নেন। এমনকি ভর্তি ফির টাকাও আত্মসাৎ করেছেন। ২০০৯ সালে ডিসেম্বরে চুক্তিভিতিক নিয়োগ পান ছিদ্দিকী।এ ব্যাপারে অফিস সহকারী মোহাম্মদ মোবারক হোসেন চৌধুরী বলেন, ‘সমন্বয়কারীর দুর্নীতির কারণে এ প্রতিষ্ঠানটি ধ্বংস হতে বসেছে। তাঁর অনুপস্থিতিতে আমি বেশির ভাগ ক্লাস নিয়েছি। তিনি ১৩টি ব্যাচের ১১৩ জনের সনদ ও ভর্তি ফি বাবদ সাড়ে চার লাখ টাকা আত্মসাৎ করেছেন। সবকিছুর প্রমাণ আছে আমার কাছে।’তিন মাস আগে থেকে প্রশিক্ষণার্থী শূন্য হয়ে পড়ার বিষয়টি স্বীকার করেন প্রতিষ্ঠানের সমম্বয়কারী নূর-ই আলম ছিদ্দিকী। তিনি বলেন, ‘প্রশিক্ষক ও কম্পিউটার সংকটের কারণে গত ২০১০ সাল থেকে কাপাসগোলা কম্পিউটার কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণার্থী কমতে শুরু করে। এ ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো হলেও এর সুফল পাওয়া যায়নি।’ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘তদন্তেই প্রমাণিত হবে আমি কতটা দোষী।’