কম্পিউটার খোয়া যাওয়া নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের তিনটি কম্পিউটার ও একটি মাল্টিপ্রজেক্টর খোয়া গেছে। এ ঘটনার এক সপ্তাহ পরও স্কুল কর্তৃপক্ষ থানায় কোনো অভিযোগ দেয়নি।
শিক্ষার্থীদের অভিযোগ, পুরোনো ও কম দামের কম্পিউটার কিনে কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
জানা গেছে, শিক্ষার্থীদের প্রযুক্তিজ্ঞান অর্জনের জন্য সরকার ২০১২-১৩ অর্থবছরে এই শিক্ষাপ্রতিষ্ঠানকে তিনটি কম্পিউটার দেয়। পাশাপাশি মাল্টিমিডিয়া ক্লাস চালুর জন্য সম্প্রতি লক্ষাধিক টাকা মূল্যের একটি মাল্টিপ্রজেক্টরও দেওয়া হয়। এই কার্যক্রম চালুর জন্য স্কুল কর্তৃপক্ষ একটি কম্পিউটার কক্ষ বরাদ্দ ও শিক্ষক নিয়োগ দেয়।
গত শনিবার কম্পিউটার কক্ষের দায়িত্বরত শিক্ষক আনোয়ার আলী জানান, কম্পিউটার কক্ষে তিনটি কম্পিউটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও মডেম নির্ধারিত স্থানে নেই। তিনি কক্ষের দরজা তালা লাগানো অবস্থায় পান এবং তালা খুলে কম্পিউটার কক্ষে ঢোকেন। ওই কক্ষের দরজা-জানালাও ছিল ঠিকঠাক।
তবে এ ঘটনার এক সপ্তাহ পার হলেও রহস্যজনক কারণে স্কুল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট থানায় কোনো অভিযোগ করেনি। বরং ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য স্কুল পরিচালনা কমিটি ও শিক্ষকেরা পুরোনো ও কম দামি কম্পিউটার কিনছেন বলে অভিযোগ এনেছে ওই স্কুলের শিক্ষার্থীরা।