কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম ও টেকনোহেভেনের প্রতিবাদ
‘শর্ত পূরণ না করেও বিপুল কমিশন পাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান’ শীর্ষক প্রতিবেদনের পৃথক প্রতিবাদ করেছে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) লিমিটেড এবং টেকনোহেভেন কোম্পানি লিমিটেড। দুই প্রতিষ্ঠানই রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশের বিষয়টি অস্বীকার করে।সিএনএস বলেছে, প্রতিষ্ঠানটির তৈরি সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি টিকিট প্রিন্ট করা বাবদ তারা দুই টাকা ৩৭ পয়সা নিচ্ছে। এই টাকা জনবল নিয়োগ, আধুনিক মানের যন্ত্রপাতি আমদানি এবং তা ব্যবহার, রেলের বুকিং ক্লার্কদের ভাতা দেওয়া বাবদ খরচ করা হয়। সেবার বিপরীতে নেওয়া এই অর্থ খুবই নগণ্য। প্রতিষ্ঠানটি দাবি করেছে, ১২টি শর্ত পূরণ না করার বিষয়টি ঠিক নয়। রেলের পক্ষ থেকে সিএনএসের মূল্যবান যন্ত্রাংশে বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় এবং রেলের ফাইবার অপটিক নেটওয়ার্ক সুবিধা দিতে দেরি হওয়ার কারণে আন্তস্টেশন টিকিট বুকিং কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা যায়নি। টেকনোহেভেন প্রতিবাদে বলেছে, সব শর্ত পালন করে ১৯৯৪ থেকে ২০০২ সাল পর্যন্ত রেলের কম্পিউটারের মাধ্যমে টিকিট বিক্রি ও আসন সংরক্ষণব্যবস্থা তারা পরিচালনা করেছে। চুক্তির শর্ত অনুযায়ী, প্রকল্প চালু অবস্থায় রেলের কাছে হস্তান্তর করা হয়। প্রকল্পে বিনিয়োগ করা অর্থ টিকিটপ্রতি সেবাহার হিসেবে পাঁচ বছর আদায় করা হয়, যা প্রতিবেদনে উল্লেখ করা কমিশনের সঙ্গে মোটেও সংগতিপূর্ণ নয়। টেকনোহেভেন দায়িত্ব পালনকালে এক স্টেশন থেকে অন্য স্টেশনের টিকিট কাটা যেত বলেও উল্লেখ করা হয়। প্রতিবেদকের বক্তব্য: সিএনএস সর্বশেষ দুই মেয়াদে কম্পিউটারের মাধ্যমে রেলের টিকিট বিক্রির দায়িত্ব পালন করে। এর মধ্যে ২০০৭ থেকে এখন পর্যন্ত একা এবং ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত ডেফোডিলসের সঙ্গে যৌথভাবে। এ সময়ের কার্যক্রমের ওপর রেলের পর্যালোচনাপত্রে ১২টি শর্ত পালন না করার বিষয় উল্লেখ আছে। এক স্টেশন থেকে অন্য স্টেশনের টিকিট এখনো কাটা যায় না।টেকনোহেভেন এবং সিএনএসের সঙ্গে করা চুক্তির শর্ত ছিল, মেয়াদ শেষ হওয়ার পর যাতে রেলের লোকজন নিজেরাই কম্পিউটারের মাধ্যমে টিকিট বিক্রি কার্যক্রম পরিচালনা করতে পারে, সে অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া। এটা না হওয়ার বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া দুই প্রতিষ্ঠানই রেলের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশের বিষয়টি অস্বীকার করলেও সর্বশেষ যে দরপত্র আহ্বান করা হয়েছিল, সেটি চলতি মাসে যোগসাজশের অভিযোগে বাতিল হয়েছে।