কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রের যাত্রা শুরু
প্রত্যন্ত গ্রামের মাদ্রাসার গরিব ছাত্রছাত্রীদের বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের কাজ শুরু করেছে আনোয়ারা-নাসিমউদ্দিন মেমোরিয়াল ফাউন্ডেশন। গতকাল শনিবার বগুড়ার গাবতলী উপজেলার জয়ভোগা গ্রামের জয়ভোগা দাখিল মাদ্রাসায় প্রশিক্ষণের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক দিলারা চৌধুরী।দিলারা চৌধুরী বগুড়ার গাবতলী উপজেলার জয়ভোগা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা নাসিমউদ্দিন ও মা আনোয়ারা খাতুনের নামে গঠন করা ফাউন্ডেশনের অর্থেই কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি শুরু করা হয়েছে। এ উপলক্ষে জয়ভোগা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে দিলারা চৌধুরী বলেন, মাদ্রাসার ছাত্রদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য তিনি এই পদক্ষেপ নিয়েছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক মকবুল হোসেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জহুরুল ইসলাম, সমাজসেবক আবদুল মালেক প্রমুখ।