কম্পিউটার প্রশিক্ষণের নামে প্রতারণা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় কম্পিউটার প্রশিক্ষণের নামে এক ব্যক্তি স্কুল-কলেজের ছাত্রীদের অনৈতিক কাজে বাধ্য করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারী ফতেপুর গ্রামে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রের মালিক সুজন মিয়া (৩২) পলাতক রয়েছেন।
এলাকাবাসী জানান, ওই গ্রামের আজগর আলীর ছেলে সুজন প্রায় ছয় বছর আগে চামারী ফতেপুর বাজারে ‘সিয়াম ডিজিটাল স্টুডিও অ্যান্ড মাল্টিমিডিয়া’ নামের একটি দোকান দেন। দুই বছর আগে সেখানে তিনি কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেন। তাঁর প্রশিক্ষণকেন্দ্রে স্কুল-কলেজের ছাত্রীদের আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হতো। ছাত্রীরা আলাদা প্রশিক্ষণ নিতে এলে সুজন প্রথমে কৌশলে মুঠোফোনে তাঁদের ছবি তুলতেন। পরে ছবিগুলো কম্পিউটারের মাধ্যমে অশ্লীল ছবির সঙ্গে জোড়াতালি দিয়ে মুঠোফোনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে সংশ্লিষ্ট ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলতেন এবং ভিডিওচিত্র ধারণ করতেন সুজন। পরে ভিডিওচিত্র ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিনি ছাত্রীদের তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলতেন। একপর্যায়ে প্রতারণার শিকার কয়েকজন ছাত্রী তাঁর কথামতো না চলায় ভিডিওচিত্র মুঠোফোনের মাধ্যমে ছড়িয়ে দেন সুজন।
বিষয়টি জানার পরও লোকলজ্জার ভয়ে প্রতারণার শিকার ছাত্রী ও তাঁদের অভিভাবকেরা আইনের আশ্রয় নিতে পারছেন না। তবে ভিডিওচিত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার ভয়ে এক সপ্তাহ ধরে দোকান বন্ধ রেখে সুজন পালিয়ে রয়েছেন। তাঁর মুঠোফোনের সংযোগও বন্ধ রয়েছে।
সুজনের ছোট ভাই সুমন মিয়া বলেন, সুজন কোথায় আছেন, তা তিনি জানেন না।
আনাইতারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় এলাকাবাসী শঙ্কিত। তিনি সুজনের শাস্তি দাবি করেন। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।