চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘ন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট’ শীর্ষক দুই দিনব্যাপী কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের (সিএসই) উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল উদ্বোধনী পর্ব এবং প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের নিবন্ধন অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সকালে মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আয়োজকেরা জানান, দেশের যেকোনো একটি বিশ্ববিদ্যালয় প্রতিবছর কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করে। এবার আয়োজন করছে চুয়েট। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এই আয়োজনের পৃষ্ঠপোষক।
গতকাল বিকেলে চুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম। তিনি বলেন, দেশের তরুণেরা সুযোগ পেলে অসাধ্য সাধন করতে পারে। তরুণদের মেধাকে শক্তিতে পরিণত করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ এনামুল কবির, চুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন মাহমুদ আবদুল মতিন ভূঁইয়া, রেজিস্ট্রার ফারুক-উজ-জামান চৌধুরী।
সিএসই বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ মশিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিযোগিতার আয়োজক কমিটির সচিব সিএসই বিভাগের অধ্যাপক মোহাম্মদ শামসুল আরেফিন।
আজ শুক্রবার সকাল ১০টায় চুয়েটের কম্পিউটার প্রকৌশল বিভাগের ল্যাবে মূল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গত ১৬ ফেব্রুয়ারি অনলাইনে অনুষ্ঠিত প্রাথমিক প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৮৪টি দল অংশ নেয়। তবে চূড়ান্ত পর্বের জন্য ৬৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, দুটি কলেজ ও একটি স্কুল থেকে ১৫০টি দল মনোনীত হয়েছে।