কম্পিউটার মেরামতে ৮০ হাজার টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের একটি কম্পিউটার মেরামতের জন্য ৮০ হাজারের বেশি টাকা সরকারি বরাদ্দ মিলেছে। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচি থেকে ওই টাকার সমমূল্যের গম বরাদ্দ করে উপজেলা টিআর কমিটি ‘উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কম্পিউটার মেরামত’ নামে একটি প্রকল্প প্রস্তাব পাঠালে জেলা প্রশাসক ও জেলা ত্রাণ পুনর্বাসন কার্যালয় থেকে ১৮ মে তা অনুমোদন দেওয়া হয়। অভিযোগ উঠেছে, মেরামতের জন্য বরাদ্দ দেওয়া ওই টাকায় অন্তত ভালো মানের তিনটি কম্পিউটার কেনা সম্ভব।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় কালাই উপজেলায় ১২৮ দশমিক ৮২৪ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। উপজেলা টিআর বাস্তবায়ন কমিটি ওই বরাদ্দের অনুকূলে ১০১টি প্রকল্প গ্রহণ করে তালিকা অনুমোদনের জন্য জেলা কমিটির কাছে পাঠায়।অনুসন্ধানে দেখা গেছে, তালিকায় ৮৪ নম্বর ক্রমিকে আহম্মেদাবাদ ইউনিয়নের বরাদ্দ থেকে ‘উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কম্পিউটার মেরামত’ নামে একটি প্রকল্পের অনুকূলে তিন দশমিক ৮২৪ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি হিসাবে প্রতি মেট্রিক টন গমের মূল্য ২১ হাজার টাকারও বেশি। সেই হিসাবে কম্পিউটার মেরামত বাবদ বরাদ্দ দেওয়া ওই গমের বাজারমূল্য ৮০ হাজার টাকারও অধিক।বগুড়ার কম্পিউটার বাজারজাতকারী প্রতিষ্ঠান ‘কোবাইট কম্পিউটার’-এর ইকবাল হোসেন জানান, ৮০ হাজার টাকায় তিন-চারটি কম্পিউটার কেনা সম্ভব।’ কালাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এ কে এম মান্নান বলেন, ‘মেরামত নয়, নতুন কম্পিউটার কেনার জন্যই ওই বরাদ্দ নেওয়া হয়েছে। তড়িঘড়ি করে প্রকল্প তালিকা করতে গিয়ে ভুলবশত ক্রয়ের স্থলে মেরামত লেখা হয়েছে।’উপজেলা টিআর বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান বলেন, ‘ওই কার্যালয়ে একটি কম্পিউটার ক্রয়ের জন্যই টিআর কর্মসূচি থেকে তিন দশমিক ৮২৪ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু কম্পিউটার ক্রয়ের স্থলে প্রকল্প তালিকায় মেরামত লেখা হয়েছে। সাংবাদিকেরা যেহেতু বিষয়টি নজরে এনেছেন, সেহেতু প্রকল্প তালিকা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।’