কম্পিউটার শাখায় নতুন তালা, তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও আইসিটি শাখায় কর্তৃপক্ষের লাগানো তালা খুলে নতুন তালা লাগিয়েছে দুষ্কৃতকারীরা। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ ঘটনা তদন্তের জন্য গতকাল শুক্রবার পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। একই দিন কর্তৃপক্ষ এ ব্যাপারে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার বিকেলে কর্তৃপক্ষ কম্পিউটার ও আইসিটি শাখার কক্ষের দরজায় তালা আটকে সিলগালা করে দেয়। পরদিন কর্তৃপক্ষ দেখতে পায়, ওই তালার বদলে কক্ষের দরজায় নতুন একটি তালা ঝুলছে। কে বা কারা এ কাজটি করেছে, তা এখনো জানা যায়নি। এই শাখায় অনার্স পার্ট-২-এর ফলাফল তৈরির কাজ চলছিল। এ ফলাফল বদলে ফেল করা শিক্ষার্থীদের পাস করিয়ে দিতে ওই শাখার কোনো কর্মকর্তা বা কর্মচারী এ কাজটি করেছেন বলে ধারণা করা হচ্ছে। ওই শাখার পরিচালক মুমিনুল ইসলাম তালা বদল হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে চাননি। পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান কম্পিউটার ও আইসিটি শাখায় ফলাফল তৈরির কাজ চলার সত্যতা নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ জানান, ঘটনা তদন্তে গতকাল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মোনাজ আহমেদ নূরকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ওই রাতে দায়িত্বরত আনসার সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা আনসার কমান্ডার বরাবর চিঠি দেওয়া হয়েছে।
উপাচার্য হারুন-অর-রশিদ জানান, তদন্ত কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে আরও নিরাপত্তাকর্মী নিয়োগ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের থাকার ব্যবস্থা করা হবে।
জয়দেবপুর থানার এসআই মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিয়েছে।