কম্পিউটার শিক্ষক অনলাইনে কাজ করতে জানেন না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিকাংশ কম্পিউটার শিক্ষক অনলাইনে কাজ করতে না জানায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) ফরম পূরণে প্রধান শিক্ষকদের বিড়ম্বনা পোহাতে হয়েছে। জানা গেছে, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবার জেএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফরম পূরণের শেষ তারিখ ছিল গত ৩০ আগস্ট। এবার প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে ফরম পূরণ করার নির্দেশনা দেয় বোর্ড কর্তৃপক্ষ। দুপচাঁচিয়া উপজেলার ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক থাকার পরও প্রধান শিক্ষকেরা অনলাইনে ফরম পূরণের জন্য নিজেদের প্রতিষ্ঠানে কাজ না করে উপজেলার বিভিন্ন কম্পিউটার দোকান থেকে কাজ করিয়েছেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২৫টি মাধ্যমিক ও ১০টি নিম্নমাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এক হাজার ৭৮৫ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষা দেবে। মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কম্পিউটার শাখা ও কম্পিউটার শিক্ষক রয়েছেন। এসব শিক্ষক উচ্চতর বেতনস্কেল পেয়ে থাকেন। কিন্তু বেশির ভাগ বিদ্যালয়ের কম্পিউটার অকেজো এবং প্রিন্টার ও মডেম নেই। আবার অনেক বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক কম্পিউটারের কোনো কাজই জানেন না। ফলে অনলাইনে ফরম পূরণ ও নিবন্ধন করার বোর্ডের নির্দেশনা থাকলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা বাধ্য হয়ে বিভিন্ন কম্পিউটার সেন্টারে কাজ করেন। এতে নিবন্ধনের সময় কম্পিউটার ব্যবসায়ীরা শিক্ষার্থীপ্রতি ২০ টাকা এবং ফরম পূরণের জন্য পাঁচ টাকা করে নিয়েছেন। উপজেলার আলতাফনগর খিহালী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাফিজ উদ্দিন বলেন, ‘বিদ্যালয়ের প্রিন্টার নষ্ট। আবার কম্পিউটার শিক্ষক অনলাইনে কাজ করতে পারেন না। ফরম পূরণের কাজ খুবই স্পর্শকাতর, একটু ভুল হলে শিক্ষার্থীর বড় ধরনের ক্ষতি হবে। তাই ভেবেচিন্তে টাকার দিকে না তাকিয়ে কম্পিউটার সেন্টারে যোগাযোগ করে ওদের মাধ্যমে কাজ করেছি। বিদ্যালয়ের ৭৮ জন জেএসসি পরীক্ষার্থীর নিবন্ধনের জন্য দুই হাজার টাকার বেশি খরচ করতে হয়েছে।’ একই ধরনের কথা জানান দুপচাঁচিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবদুল ওয়াহেদ, দেবখণ্ড রিয়াজুল ইসলাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাইকুজ্জামান, হাটসাজাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক তালুকদারসহ কয়েকজন। সোহাগ কম্পিউটার সেন্টারের মালিক হারুনুর রশীদ বলেন, ‘অনলাইনের কাজ খুবই সতর্কতার সঙ্গে করতে হয়। তাই টাকা বেশি না পেলে পোষায় না।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টি এম আবদুল হামিদ বলেন, ‘উপজেলার প্রায় প্রতিটি বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক আছেন। শিক্ষকের অনলাইনে কাজ করতে না পারাটা লজ্জার কথা। তা ছাড়া ওই শিক্ষক শিক্ষার্থীদেরই বা কী শিখাবেন। তার পরও বিষয়টি খতিয়ে দেখব, কেন বিদ্যালয় এসব কাজ নিজেরা করেনি।’