কম্পিউটার শিক্ষা পাচ্ছে না শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার শিক্ষা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত থাকলেও বরগুনার বেতাগী উপজেলার বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের কম্পিউটার বিষয়ে বাস্তব শিক্ষা পাচ্ছে না শিক্ষার্থীরা।জানা গেছে, উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎসংযোগ থাকলেও কম্পিউটার নেই। আবার যেসব প্রতিষ্ঠানে কম্পিউটার আছে, সেগুলো অকেজো অথবা প্রতিষ্ঠানপ্রধানের বাড়িতে রয়েছে। একইভাবে কম্পিউটার বিষয়ে নিয়োগ পাওয়া শিক্ষকদের অনেকেই কম্পিউটারে তেমন পারদর্শী নন বলেও অভিযোগ রয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, বেতাগী উপজেলায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা মিলিয়ে ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে পাঁচটি কলেজ, ১২টি মাধ্যমিক বিদ্যালয় ও নয়টি মাদ্রাসায় কম্পিউটার রয়েছে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো শিক্ষাপ্রতিষ্ঠানের পূরণ করা তথ্য ছকে উপজেলার প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার রয়েছে বলে দেখানো হয়েছে।বিবিচিনি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ল্যাবের পাঁচটি কম্পিউটার অকেজো হয়ে পড়ে রয়েছে। একাদশ শ্রেণীর শিক্ষার্থী আরাফাত রহমান ও শারমিন আক্তার বলে, ‘কম্পিউটারগুলো নষ্ট থাকায় আমরা প্রয়োজনীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি।’ বিবিচিনি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস বলেন, ‘এসব কম্পিউটার মেরামত ও রক্ষণাবেক্ষণে সরকারি কোনো বরাদ্দ না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে।’ এ ছাড়া বেতাগী বালিকা বিদ্যালয় ও কলেজ, বেতাগী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, তালগাছিয়া-দেশান্তরকাঠি মাধ্যমিক বিদ্যালয়, কাউনিয়া এমদাদিয়া ও চান্দখালী এসহাকিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কয়েক বছর আগে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হলেও এর মধ্যে একটি ছাড়া অন্যগুলো কোনো কাজে আসছে না।সরেজমিন দেখা গেছে, উপজেলার ময়জদ্দিন দাখিল মাদ্রাসায় কম্পিউটার নেই, কিন্তু ২০০৪ সালে কম্পিউটার বিষয়ে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। বর্তমানে ওই শিক্ষককে দিয়ে মাদ্রাসার অন্য ক্লাস করানো হচ্ছে। পরিচয় গোপন রাখার শর্তে মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী বলে, ‘শিক্ষক থাকলেও আমাদের কম্পিউটার শেখানো হয় না।’কম্পিউটার শিক্ষক নাসির উদ্দীন বলেন, ‘কম্পিউটার না থাকলে শিক্ষার্থীদের শেখাব কী? সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা চার মাস আগে কম্পিউটার চেয়ে আবেদন করেছি।’ একইভাবে উপজেলার ফুলতলা মোহামঞ্চদিয়া আলিম মাদ্রাসা, বেতাগী সালেহিয়া সিনিয়র মাদ্রাসা, দারুল ইসলাম মহিলা আলিম মাদ্রাসা, বিবিচিনি দারুল রহমাত দাখিল মাদ্রাসা এবং কুমড়াখালী শষীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হলেও দুই বছরেরও বেশি সময় ধরে এসব প্রতিষ্ঠানের কম্পিউটারগুলো অকেজো হয়ে পড়ে আছে। এ ছাড়া উপজেলার বেশ কয়েকটি প্রতিষ্ঠানে কম্পিউটার থাকলেও সেগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে না রেখে প্রতিষ্ঠানপ্রধানের বাড়িতে রাখার অভিযোগ আছে।উপজেলার করুণা ইসলামিয়া আলিম মাদ্রাসার কম্পিউটারটি মাদ্রাসা অধ্যক্ষের বাড়িতে রাখা হয়েছে বলে কয়েকজন শিক্ষক জানান। মাদ্রাসার অধ্যক্ষ মো. শাহজালাল বলেন, ‘মাদ্রাসায় বিদ্যুৎসংযোগ না থাকায় কম্পিউটারটি চালানো যাচ্ছে না, তাই নিরাপত্তার স্বার্থে সেটা বাড়িতে রেখেছি।’বেতাগী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অসীম কুমার সমাদ্দার বলেন, ‘উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটারের যথাযথ ব্যবহার ও কম্পিউটার বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে না বলে অভিযোগ পেয়েছি। আমরা বিষয়গুলো তদন্ত করে ব্যবস্থা নেব।’