কম্পিউটার শিক্ষা প্রাথমিক থেকে বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার প্রাথমিক পর্যায় থেকে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করার চিন্তাভাবনা করছে। প্রধানমন্ত্রী গতকাল বুধবার তাঁর তেজগাঁও কার্যালয়ে ভারত সরকারের সহায়তায় মাধ্যমিক পর্যায়ে কম্পিউটার ল্যাব স্থাপন কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন। খবর বাসসের।
শেখ হাসিনা বলেন, ক্রমান্বয়ে দেশের প্রতিটি স্কুলে একটি কম্পিউটার ল্যাব থাকবে এবং জনগণের জন্য ইন্টারনেট সেবা সহজতর করতে ব্যান্ডউইথের ব্যয় আরও কমানো হবে। তিনি বলেন, সব সরকারি বিশ্ববিদ্যালয়ে আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপন এবং আইটির ওপর গবেষণার সুযোগ সৃষ্টি করা হবে।
এই প্রকল্পের আওতায় প্রত্যেক জেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপিত হবে। ২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে এ সম্পর্কিত এক চুক্তি স্বাক্ষরিত হয়। আইসিটি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন। এতে স্বাগত বক্তব্য দেন আইসিটি সচিব নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে ডেমরার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী জান্নাতুল মাওয়া চৌধুরী শিক্ষা ক্ষেত্রে আইসিটি ব্যবহারে তাঁর অনুভুতি ব্যক্ত করেন। এ ছাড়া বরিশালের জেলা প্রশাসক শহীদুল আলম ও শিক্ষক শঙ্কর কুমার সাহা বক্তৃতা করেন।