কম্পিউটার শিখতে সপ্তাহে ৫ মিনিট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সরকারি মহিলা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর ৫৩৮ জন শিক্ষার্থীর জন্য বরাদ্দ মাত্র চারটি কম্পিউটার। সপ্তাহে একজন শিক্ষার্থী গড়ে মাত্র পাঁচ মিনিট কম্পিউটার শেখার সুযোগ পায়।কলেজ সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে এ কলেজে কম্পিউটার বিভাগ চালু হয়। এ বিভাগে স্থায়ী কোনো শিক্ষক নেই। শুরুতে একজন ও বর্তমানে দুজন খণ্ডকালীন শিক্ষক দিয়ে চলছে এ বিভাগ। অর্থনীতি বিভাগের এক শিক্ষক কম্পিউটার বিভাগে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের সেমিনার ফি দিয়ে শিক্ষকদের বেতন দেওয়া হচ্ছে।দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সানজিদা আক্তার ও বাবলী আক্তার প্রথম আলোকে জানায়, কম্পিউটার ল্যাব আছে, কিন্তু পর্যাপ্ত কম্পিউটার নেই। এক সপ্তাহে একজন শিক্ষার্থী ল্যাবে মাত্র পাঁচ মিনিট করে সময় পায়।কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ও কম্পিউটার বিভাগের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, কম্পিউটারের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়লেও পর্যাপ্ত কম্পিউটার না থাকায় সুযোগ-সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না। বছরে এ বিভাগের জন্য বরাদ্দ মাত্র ২০ হাজার টাকা, যা প্রয়োজনের তুলনায় অনেক কম।খণ্ডকালীন শিক্ষক রেবেকা পারভীন বলেন, ৩৫ জনের একটি গ্রুপ সপ্তাহে এক দিন মাত্র ৪৫ মিনিট করে ল্যাবে সময় পায়। চারটি কম্পিউটারে অন্তত নয়জন করে শিক্ষার্থীকে শেখাতে হয়। তার মানে, একজন শিক্ষার্থীর জন্য সময় বরাদ্দ মাত্র পাঁচ মিনিট। বিদ্যুৎ না থাকলে সেই সুযোগ থেকেও বঞ্চিত হয় শিক্ষার্থীরা। তাই কম্পিউটারের সংখ্যা ও শিক্ষক বাড়ানো জরুরি।যোগাযোগ করা হলে অধ্যক্ষ শংকর চন্দ্র দত্ত প্রথম আলোকে বলেন, সার্বিক বিষয় জানিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।