কম্পিউটারে বাটন টিপলেই ভেসে উঠবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটারের বাটন টিপলেই পর্দায় ভেসে উঠবে বাংলাদেশ। চিহ্নিত করা যাবে দেশের যেকোনো প্রান্তের বাড়িঘর, স্কুল-কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট, খাল-বিল-পুকুর, এমনকি জমির আইল পর্যন্ত। সময় ও অর্থ বাঁচিয়ে সহজেই গ্রহণ করা যাবে উন্নয়ন পরিকল্পনা। নগরের যানজট, জলাবদ্ধতাসহ সব সমস্যা চিহ্নিত করা যাবে ডিজিটাল পদ্ধতিতে।ডিজিটাল এই মানচিত্র তৈরির কাজ করছে বাংলাদেশ জরিপ অধিদপ্তর। বাংলাদেশের মানচিত্রকে ১৩টি ব্লকে ভাগ করে বিমান থেকে তোলা হচ্ছে গোটা দেশের ছবি। সম্পাদনা করে এগুলো আরও পরিষ্কার করে এর ওপর বসানো হচ্ছে গ্রাফ। চিহ্নিত করা হচ্ছে বিভিন্ন স্থাপনা। সংযুক্ত হচ্ছে অন্যান্য তথ্য।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে তেজগাঁওয়ে জরিপ অধিদপ্তর কার্যালয়ে চলছে এই ডিজিটাল মানচিত্র তৈরির কাজ। কার্যক্রম দেখাতে গিয়ে প্রকল্প পরিচালক মাহমুদুন নবী গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, এক বছরের মধ্যে প্রায় এক হাজার মানচিত্র তৈরি হবে। ২০১৬ সালের মধ্যেই গোটা দেশকে পাওয়া যাবে ডিজিটাল মানচিত্রে।জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) আর্থিক ও কারিগরি সহায়তায় ‘বাংলাদেশ ডিজিটাল ম্যাপিং এসিসট্যান্স প্রজেক্ট’-এর এই কাজ শুরু হয়েছে ২০০৯ সালে। শেষ হবে ২০১৬ সালে। ব্যয় হবে ১৮২ কোটি টাকা।জাইকার জরিপ বিশেষজ্ঞ বোকুরো উরাবে বলেন, এটা দেশের উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগবে। ডিজিটাল মানচিত্র তৈরি হলে বাঁচবে অর্থ ও সময়।ভূমিকম্প থেকে ভবন রক্ষার উদ্যোগ: ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে সরকারি হাসপাতাল, ফায়ার ও পুলিশ স্টেশনের মতো সেবামূলক প্রতিষ্ঠান রক্ষায় উদ্যোগ নিয়েছে গণপূর্ত অধিদপ্তর। এই লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে বিভাগীয় প্রকৌশলীদের বিভিন্ন ধাপে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।জাপানের অভিজ্ঞতা নিয়ে পুরোনো ভবনের কাঠামো ঠিক রেখে এগুলোকে ভূমিকম্পের ভয়াবহতা থেকে রক্ষার কৌশল বের করা হচ্ছে। প্রকল্পের উপপরিচালক মফিজুর রহমান বলেন, জাইকার সহায়তায় ‘ন্যাশনাল ডিজাস্টার-রেসিসট্যান্ট টেকনিকস অব কনস্ট্রাকশন অ্যান্ড রেকটোফিটিং ফর পাবলিক বিল্ডিং’ নামে প্রকল্পটি শুরু হয় গত বছর। এই প্রকল্পের অধীনে ২০১৫ সালের মধ্যে পুরোনো ভবনগুলোকে ভূমিকম্প থেকে রক্ষার বিষয়ে প্রস্তুত হতে পারবে বাংলাদেশ। প্রকল্পে জাইকা ২৩ কোটি ৩৮ লাখ এবং বাংলাদেশ সরকার ১ কোটি ৭৭ লাখ টাকা দিচ্ছে।বাংলাদেশে উন্নয়ন সহায়তা প্রসঙ্গে জাইকার আবাসিক প্রতিনিধি তাকাও তোদা বলেন, বাংলাদেশ সম্ভাবনার দেশ। অনেক সমস্যা থাকলেও সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে এই দেশের উন্নয়নকাজ এগিয়ে নেওয়া সম্ভব।