কম্পিউটারের ব্যবহার না জানলে ভবিষ্যতে পিয়নের চাকরিও জুটবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
গতকাল রোববার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৭তম জাতীয় কনভেনশন (সম্মেলন) উপলক্ষে আয়োজিত ‘জনমুখী উন্নয়ন কর্মকাণ্ডে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।
চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সম্মেলনকক্ষে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।
সেমিনারে তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী ৫ বছর পর কম্পিউটার অপারেট করতে না জানলে পিয়নের চাকরিও জুটবে না। কম্পিউটার জ্ঞান ছাড়া বিদেশে কাউকে পাঠানো যাবে না।’ তিনি বলেন, ‘আমাদের দেশের অধিকাংশ মন্ত্রী-এমপি ও নেতা-নেত্রীরা এখনো কম্পিউটার চালাতে পারেন না। তাঁরা এখনো মান্ধাতার আমলে রয়ে গেছেন।’
মৌলিক অধিকার ও মানবাধিকার সমুন্নত রেখে সাইবার অপরাধ নিরাপত্তা আইন করা দরকার বলে মন্ত্রী মন্তব্য করেন।
আইইবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. কবির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবদুস সবুর।