যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে গতকাল চার জেলার কৃষকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বলা হয়, মানুষের মলমূত্র ও পৌর শহরের বর্জ্য থেকে কম্পোস্ট সার বাংলাদেশের জন্য খুবই সম্ভাবনাময়। যশোরে পরীক্ষামূলকভাবে নতুন প্রযুক্তির এ সার ব্যবহৃত হচ্ছে।
যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইলের ১০০ কৃষক অংশ নেন। সমাবেশের শুরুতে এই কম্পোস্ট সার ব্যবহার করে কেন্দ্রের গবেষণা মাঠে উৎপাদিত ফুল ও সবজির খেত কৃষক ও সাংবাদিকদের দেখানো হয়। মলমূত্র ও শহরের বর্জ্য থেকে উৎপাদিত কম্পোস্ট সার ফুলকপি, বাঁধাকপি ও গ্লাডিওলাস ফুল উৎপাদনে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে।
পরে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আ সা ম মাহবুবুর রহমান খান। যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সিরাজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক চণ্ডীদাস কুন্ডু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুর রহমান প্রমুখ।
সমাবেশে জানানো হয়, সবজি ও ফুলের উৎপাদনে মানুষের মলমূত্র ও শহরের বর্জ্যে তৈরি কম্পোস্ট সার ব্যবহার করায় রাসায়নিক সারের ব্যবহার কমছে। এতে মাটিতে জৈব সারের গুণাগুণ বৃদ্ধি পাচ্ছে। উৎপাদন খরচও কমছে।
অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে নতুন এই কম্পোস্ট সার ব্যবহারে মাটির কী কী উপকার হচ্ছে এবং খরচ কতটা কমছে তা দেখানো হয়। এতে বলা হয়েছে, যশোরের ওই গবেষণা মাঠে ব্যবহৃত কম্পোস্ট সার উৎপাদিত হচ্ছে কুষ্টিয়ায়। এ সার তৈরির উপাদান পাওয়া খুবই সহজ। ফলে বাংলাদেশের জন্য এ সার খুবই সম্ভাবনাময়।