কম্বল উঠল ১২ শ শীতার্তের গায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীত নিবারণের জন্য কম্বল পেয়ে গতকাল স্বস্তি প্রকাশ করলেন সিলেটের দলদলি চা-বাগানের শ্রমিকেরা l ছবি: প্রথম আলো
শীত নিবারণের জন্য কম্বল পেয়ে গতকাল স্বস্তি প্রকাশ করলেন সিলেটের দলদলি চা-বাগানের শ্রমিকেরা l ছবি: প্রথম আলো

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল শুক্রবার পাঁচটি জেলার ১২ শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নদীভাঙনকবলিত স্কুলশিক্ষার্থীদের মাঝে ১৭৭টি কম্বল বিতরণ করা হয়।
রাজশাহী: গতকাল সকালে বাঘা উপজেলার দিঘা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ১০০টি কম্বল বিতরণ করা হয়। আগের দিন বাঘা বন্ধুসভার সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দুস্থ ও শীতার্ত ব্যক্তিদের তালিকা তৈরি করেন। গতকাল সেই তালিকা অনুযায়ী দুস্থ ব্যক্তিদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। কম্বল পাওয়ার আনন্দে দিঘা নতুনপাড়া গ্রামের বৃদ্ধ জলিল গাইছা বলেন, ‘বয়স হয়েছে জার (শীত) সহ্যি হয় না। গরম কাপড় নাই। জারও ভাঙে না। ঘুমও আসে না। আইজ রাইতে ভালো ঘুম হবি।’
কম্বল বিতরণের সময় রাজশাহী বন্ধুসভার সদস্য ফারুক হোসেন, জাহিদুল ইসলাম, সুলতানা ইশরাত জাহান গিয়াসী, কুয়াশা, রিপন, বাঁধন এবং বাঘা বন্ধুসভার মিলন, জাকির, মামুন, রেজাউল করিম প্রমুখ উপস্থিত বলেন।
সিলেট: গতকাল বিকেল চারটার দিকে সদর উপজেলার দলদলি চা-বাগান ও নগরের রেলস্টেশন এলাকার ২৫০ শীতার্ত ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করা হয়। কোহিনূর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের দেওয়া এসব কম্বলের ২১০টি বিতরণ করা হয় চা-বাগানের দুস্থ নারী ও বৃদ্ধ চা-শ্রমিকদের। প্রায় একই সময় সিলেট নগরের রেলস্টেশন এলাকায় আরও ৪০ জন ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে সহায়তা করেন বন্ধুসভার সদস্যরা। কম্বল পেয়ে চা-শ্রমিক উর্বশী দাশ (৪০) বলেন, ‘বাগানে ঠান্ডা বেশি। কম্বল পাইছি। ভালো হইছে।’
দিনাজপুর: গতকাল শুক্রবার বিরল, কাহারোল, বিরামপুর ও পার্বতীপুর উপজেলায় ৫৩০টি কম্বল বিতরণ করা হয়। বিরল ও কাহারোল উপজেলার পাঁচটি গ্রামের অসহায় শীতার্ত মানুষের হাতে তুলে দেওয়া হয় ২৩০টি কম্বল। সকাল সাড়ে ১০টার দিকে বিরল উপজেলার বালাপুকুর গ্রামে বন্ধুসভার সদস্যরা ১২০ শীতার্ত ব্যক্তির হাতে কম্বল তুলে দেন। দুপুর ১২টার দিকে কাহারোল উপজেলা পরিষদসংলগ্ন কাহারোল সরকারি শিশুনিকেতন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দেওয়া হয় ১১০টি কম্বল।
দুপুরে বিরামপুর উপজেলার আফতাবগঞ্জ বাজারে আফতাবগঞ্জ, মাদারপুর, ইসলামপুর গ্রামের ১০০ দুস্থ নারী-পুরুষের মাঝে কম্বল দেওয়া হয়। কম্বল বিতরণে সহযোগিতা করেন এলাকার সমাজকর্মী সায়েম সবুজ, শাহজালাল বাবু, মিজানুর রহমান, রুবেল হোসেন, চন্দন মিয়া, সুকুমার রায় এবং প্রথম আলোর বিরামপুর প্রতিনিধি।
পার্বতীপুর উপজেলায় পাবলিক হাইস্কুল মাঠে সকালে ২০০টি কম্বল বিতরণ করা হয়। এর আগেই শীতার্ত ও প্রকৃত দুস্থ ব্যক্তিদের তালিকা তৈরি করেন পার্বতীপুরের একুশে চেতনা পরিষদ নামের একটি সংগঠনের সদস্যরা। পরে সুশৃঙ্খলভাবে এসব কম্বল বিতরণ করা হয়।
বরিশাল: বাকেরগঞ্জ উপজেলায় নদীভাঙনকবলিত স্কুলশিক্ষার্থীদের মাঝে ১৭৭টি কম্বল বিতরণ করা হয়। কোহিনূর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ওই কম্বল সরবরাহ করা হয়। বাকেরগঞ্জ উপজেলার ৪ নম্বর দুধল ইউনিয়নের সরসি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরসি বাজার ও পাটকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে শীতার্ত ও হতদরিদ্র শিশুশিক্ষার্থীদের মাঝে বন্ধুসভার সদস্যরা কম্বল বিতরণ করেন।
বেলা ১১টার দিকে সরসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন সাবেক সেনা কর্মকর্তা মো. শাহাবউদ্দিন খান, মো. মোশাররফ হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে হাবিবা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রোকুনুজ্জামান। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সরসি বাজার এবং বেলা দুইটার দিকে পাটকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও কম্বল বিতরণ করা হয়।
নীলফামারী: ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের মুন্সিপাড়া রেলঘুণ্টি এলাকায় গতকাল দুপুরে দেড় শতাধিক দুস্থ শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়। সিটিব্যাংকের দেওয়া ২০০ কম্বল প্রথম আলো ট্রাস্টের মাধ্যমে নীলফামারীতে পাঠানো হয়েছিল। বন্ধুসভার সদস্যরা ভোগডাবুরী ইউনিয়নের সরকারপাড়া, পাটোয়ারীপাড়া, মুন্সিপাড়া, মাস্টারপাড়া, আমানপাড়া, শহাপাড়া, মিয়ারকামাত, স্যাঠেরকামাত, গিরিজারডাঙ্গা, কাওলা, আদর্শগ্রাম, কেতকীবাড়ি ইউনিয়নের দালানগঞ্জ, ভাঙ্গাস্কুল, চান্দিয়াটারী গ্রামের দেড় শতাধিক শীতার্ত পরিবারের তালিকা সংগ্রহ করে এসব কম্বল বিতরণ করেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহর ও শহরের আশপাশের শীতার্ত ব্যক্তিদের মাঝে ৫০টি কম্বল বিতরণ করা হয়।

{প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, বরিশাল ও দিনাজপুর অফিস এবং সিলেট, নীলফামারী, সৈয়দপুর ও বিরামপুর প্রতিনিধি}