কম্বল পেলেন আরও ২০০ শীতার্ত লোক

রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে ২০০ জন শীতার্ত লোকের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে এসব কম্বল বিতরণ করা হয়।
বদরগঞ্জ উপজেলার পাঠানের হাট উচ্চবিদ্যালয়ের মাঠে দেওয়া হয় ১০০টি কম্বল। পাঠানপাড়া গ্রামের হাজরা বেওয়া (৭০) কম্বল পেয়ে ভীষণ খুশি। সরকারপাড়া গ্রামের রশিদা বেওয়া (৬০) বলেন, ‘রাইত (রাত) হইলে ঘরোত হুরহুর করি বাতাস ঢুকে। ঠান্ডাত নিন (ঘুম) আইসে না। এত মেমবার-চেয়ারম্যানের পাছত (মেম্বার-চেয়ারম্যানের কাছে) ঘুরচুং, কাঁয়ো একটা কম্বল দেয় নাই। তোমরা দিলেন বাবা, আল্লাহ তোমার ভালো করুক।’
দুস্থদের হাতে কম্বলগুলো তুলে দেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আলী। এ সময় বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়ন পরিষদের মাঠে বিভিন্ন গ্রামের ১০০ দুস্থ লোকের মধ্যে কম্বল বিতরণ করেন ইকরচালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইফুল ইসলাম। তাঁকে সহযোগিতা করেন সমাজসেবক জিয়াউল ইসলাম, মিলন রহমান ও প্রথম আলোর তারাগঞ্জ প্রতিনিধি রহিদুল মিয়া।