কম্বল পেলেন খুলনা ও পাটগ্রামের ৪৫০ শীতার্ত
‘শীতির কাপড়ের জন্যি কষ্ট পাচ্ছিলাম। এহন এই কম্বল পায়ে কষ্ট আর থাকল না।’
খুলনা নগরের সুইপার কলোনিতে প্রথম আলো বন্ধুসভার সদস্যদের দেওয়া কম্বল গায়ে জড়িয়ে এ কথা বলেন শাকেরা খাতুন।
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল বুধবার খুলনা ও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সাড়ে চার শ কম্বল বিতরণ করা হয়েছে। ২৫০টি কম্বল বিতরণ করা হয় খুলনা নগরের পাঁচটি স্থানে। বাকিগুলো পাটগ্রামে। কোহিনুর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় এসব কম্বল সুইপার কলোনি, রেলস্টেশন, লঞ্চঘাট, আলকাতরার মিল ও মুজগুন্নী এলাকার শীতার্তদের মাঝে বিলি করা হয়।
সুইপার কলোনির আরেক বাসিন্দা আবুল হোসেন শেখ (৮৫) বলেন, ‘কম্বল পেয়ে খুব এহন রাতি ভাল ঘুমোতি পারবানে।’
এর আগে বন্ধুসভার সদস্যরা এলাকা ঘুরে দুস্থ মানুষের তালিকা তৈরি করেন। এ সময় বন্ধুসভার দেলোয়ার হোসেন, মাহমুদুন নবী, হাফিজুর রহমান, হেলেনা আক্তার, আদিলুজ্জামান উপস্থিত ছিলেন।
লালমনিরহাটের পাটগ্রাম বন্ধুসভার সদস্যরা পাটগ্রাম ইউনিয়নের ১৫টি গ্রামে ১৮৫টি ও মেছিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫টিসহ ২০০টি কম্বল বিতরণ করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব বলেন, ‘প্রথম আলো শুধু একটি পত্রিকা নয়, সমাজের নৈতিক দায়িত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করছে।’ এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম বন্ধুসভার আহ্বায়ক অজিত রঞ্জন রায়, ইফতেখার আহম্মেদ, খলিলুর রহমান, সাদ্দাম হোসেন ও তাহেরুল ইসলাম।