কম্বল পেলেন বাউফলের শীতার্তরা
পটুয়াখালীর বাউফল উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ২৩৫ জন শীতার্তকে কম্বল দেওয়া হয়েছে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গত বৃহস্পতিবার ও গতকাল শনিবার বিতরণ করা কম্বলগুলোর ২১০টি দেওয়া হয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সৌজন্যে। এগুলো বিতরণে সহায়তা করেন বন্ধুসভার সদস্যরা।
উপজেলার বড় ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল দুপুরে ১৫০ শিক্ষার্থী এবং স্থানীয় আরও ২০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. নূরুল আলম মিয়া, সমাজসেবক মু. মুজাহিদুল ইসলাম, আবদুল ওয়াহেদ প্রমুখ। একই দিন উপজেলার কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসার এতিম ১০ জন শিক্ষার্থীকে কম্বল দেওয়া হয়। এ সময় ওই মাদ্রাসার অধ্যক্ষ এ এস এম আবদুল হাই উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার সকালে ধানদী ফাজিল মাদ্রাসার এতিমখানায় ৩০টি এতিম শিশু শিক্ষার্থীকে কম্বল দেওয়া হয়। এতে সহায়তা করেন অধ্যক্ষ মোহাম্মাদ শহিদুল ইসলাম। ওই দিন বাউফল পৌরসভার কলেজ রোড ও মুসলিমপাড়া এলাকার শিশু ও নারীসহ আরও ২৫ জনকে কম্বল দেওয়া হয়।