কম্বল পেলেন শিক্ষার্থীসহ আরও ৪৬০ জন শীতার্ত

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে তিন জেলায় শিক্ষার্থীসহ অসহায় আরও ৪৬০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে। গত সোম, মঙ্গল ও গতকাল বুধবার এসব কম্বল বিতরণ করা হয়।
ময়মনসিংহ: রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) অর্থায়নে সোমবার শহরের সাহেব আলী সড়কে প্রথম আলোর ময়মনসিংহ কার্যালয়ে ১০০ অসহায় নারী পুরুষের প্রত্যেককে একটি করে কম্বল দেওয়া হয়। এ ছাড়া মঙ্গল ও গতকাল শহরের কয়েকটি স্থানে ঘুরে ভাসমান মানুষের মাঝে আরও ১০০টি কম্বল বিতরণ করা হয়। তিন দিনব্যাপী কম্বল বিতরণে সার্বিক সহযোগিতা করেন প্রথম আলোর ময়মনসিংহ বন্ধুসভার সদস্যরা।
কম্বল পাওয়ার আনন্দে মোছা. আবিদা নামের একজন বৃদ্ধা বলেন, ‘কম্বল পাইয়্যা আমার অনেক ভালা লাগছে। শীতের মধ্যে অনেক কষ্টে রাইতে ঘুমাইতাম।’
পটুয়াখালী: গতকাল পটুয়াখালীর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীসহ শহরের বিভিন্ন এলাকার শীতার্ত ৬০ জন দুস্থ মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেন বন্ধুসভার সদস্যরা। বেলা ১১টার দিকে শহরের কলের পুকুরপাড় এলাকায় বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের ২০ শিক্ষার্থীকে কম্বল দেওয়া হয়। এ সময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক নুর-ই-রশিদ মাকসুদা লাইজু, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা নয়নমণি বিশ্বাস ও বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন। পরে শহরের স্বনির্ভর সড়ক ও চরপাড়া এলাকার ৪০ জন দুস্থ ব্যক্তির হাতে কম্বল তুলে দেওয়া হয়। শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য রিহ্যাব এসব কম্বল প্রথম আলো ট্রাস্টে জমা দিয়েছিল।
ঝিনাইদহ: লাউদিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও কালীগঞ্জের আলোকিত পাঠশালার শিক্ষার্থী এবং শহরের গরিব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে ২০০টি কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় বন্ধুসভার সদস্যরা গত মঙ্গলবার ও গতকাল এসব কম্বল বিতরণ করেন। মঙ্গলবার সকাল নয়টার দিকে কালীগঞ্জ উপজেলার আলোকিত পাঠশালার শিক্ষার্থীদের মাঝে ৫০টি কম্বল বিতরণ করা হয়।
এ ছাড়া শহরের নিমতলা বাসস্ট্যান্ডে অসহায় গরিব ৫০ জনকে একটি করে কম্বল দেওয়া হয়। গতকাল দুপুর ১২টার দিকে সদর উপজেলার লাউদিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থীকে কম্বল দেওয়া হয়। একই দিন সকালে ঝিনাইদহ শহরে শীতার্ত ৫০ জনের হাতে কম্বল তুলে দেন বন্ধুসভার বন্ধুরা।
কম্বল পাওয়ার পর কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ডে শারীরিক প্রতিবন্ধী সিরাজুল ইসলাম হাসিমুখে বলেন, তিনি কোনো কাজ করতে পারেন না। থাকেন মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে। কম্বলটি পেয়ে তাঁর বেশ ভালো লাগছে।