কম্বল পেলেন ২০০ জন, শীতবস্ত্র পেল ৫০ শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলার ফকিরপাড়ায় দুটি এতিমখানার শিশুসহ চারটি গ্রামের শীতার্ত ব্যক্তিদের মধ্যে গতকাল কম্বল বিতরণ করা হয় l প্রথম আলো
রংপুরের তারাগঞ্জ উপজেলার ফকিরপাড়ায় দুটি এতিমখানার শিশুসহ চারটি গ্রামের শীতার্ত ব্যক্তিদের মধ্যে গতকাল কম্বল বিতরণ করা হয় l প্রথম আলো

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ঢাকা ব্যাংকের সহযোগিতায় গতকাল শনিবার রংপুরের তারাগঞ্জে ২০০ ব্যক্তিকে কম্বল দেওয়া হয়। একই দিন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৫০ শিশুকে শীতবস্ত্র দেওয়া হয়।
গতকাল সকালে তারাগঞ্জের ইকরচালী ও উত্তর লক্ষ্মীপুর ডারারপাড় এতিমখানার শিক্ষার্থীদের এবং ফকিরপাড়া, বানিয়াপাড়া, জুম্মপাড়া, মাছুয়াপাড়া, ডাঙ্গাপাড়া গ্রামের ২০০ শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়। কম্বল বিতরণ করে ইকরচালী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী অনামিকা আক্তার, মুন্নি খাতুন, ঐশী আক্তার, রংপুর সরকারি কলেজের শিক্ষার্থী শিপুল ইসলাম, আসাদুজ্জামান, মৌসুমী খাতুন প্রমুখ।
ইকরচালী ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের দীপা রানী (৬৫) বলেন, ‘একনা কম্বলের জন্য মুই কত জনের কাছোত হাত পাতছিনুং, কিন্তুক কায়ো মোর কথা শুনে নাই। তোমরা আইজ মোক কম্বল দিয়া বাঁচাইনেন। তোমার কম্বলকোনা না পাইলে মুই ঠান্ডায় খুবই কষ্ট পানুং।’ ফকিরপাড়া গ্রামের বৃদ্ধ তছিরন নেছা বলেন, ‘এই প্রথম একনা কম্বল পানুং। কত দিন খালি গায়ে থাকছি, শীতে কতই কষ্ট করছি। তোমার কম্বলকোনা খুব কাজে দিবে, বাহে।’
একই দিন প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের তিনটি গ্রামের ৫০ শিশুর হাতে শীতের কাপড় তুলে দেওয়া হয়। ঝাপড়া পালপাড়া, ধানগড়া ও মহেশপুর গ্রামে শীতবস্ত্র বিতরণকাজে অংশ নেন উপজেলা সদর মহিলা কলেজের শিক্ষক তাপস কুমার পাল, শিক্ষক প্রকাশ চন্দ্র পাল, রুখসানা খাতুন, রমিনা খাতুন, প্রথম আলোর রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি আলহাজ আহমেদ, সদস্য মিজানুর রহমান, নারায়ণ চন্দ্র পাল, মরিয়ম পারভীন প্রমুখ। শীতের কাপড় হাতে নিয়ে ঝাপড়া পালপাড়ার গৌর চাঁদের মেয়ে ঝাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী পূজা রানী বলে, ‘ঠান্ডার দিনে গরম কাপড়ের খুব দরকার ছিল। এই কাপড় পেয়ে আজ থেকে ঠান্ডায় আমার আর কষ্ট হবে না।’