কম্বল পেলেন ৩০০ জন

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের সহযোগিতায় গতকাল শনিবার রংপুরের তারাগঞ্জে ২০০ ও চাঁদপুর শহরের কালীবাড়ি রেলস্টেশনে আরও ১০০ জনকে কম্বল দেওয়া হয়েছে।
গতকাল সকালে তারাগঞ্জের বুড়িরহাট ডাঙ্গাপাড়া, পাইকারপাড়া, কাংলাচড়া, দামোদরপুর, মেনানগর ও চেয়ারম্যানপাড়া গ্রামের ২০০ শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়।
কম্বল বিতরণ করেন বুড়িরহাট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফিন হাবীব, বেগম রোকেয়া মহীয়সী নারী উন্নয়ন সমিতির সভানেত্রী সাদেকা বেগম, সমিতির সাধারণ সম্পাদক মুক্তা আক্তার, বুড়িরহাট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে হাবিবা, রিমি আক্তার, রংপুর সরকারি কলেজের শিক্ষার্থী শিপুল ইসলাম, মিহাদ সরকার, আসাদুজ্জামান, মৌসুমী খাতুন প্রমুখ।
সয়ার ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের অর্চনা রানী (৬৫) বলেন, ‘আজ থাকি জারোত (ঠান্ডায়) আমার আর কষ্ট হইবে না। কত দিন খালি গায়ে থাকছি, জারোতে কতই কষ্ট করছি। তোমার কম্বল কোনা খুব কাজে দিবে বাহে।’
পাইকারপাড়া গ্রামের জমশের আলী (৬৫) বলেন, ‘প্রতিদিন ভোরে ছেঁড়া একনা চাদর গায়োত দিয়া মুই মসজিতো নামাজ পড়িবার গেছনু। আল্লাহ তোমার ভালো করুক। আইজ থাকি মুই কম্বল কোনো গায়োত দিয়ে নামাজ পড়িবার যাবার পাইম।’
গতকাল বিকেলে চাঁদপুর শহরের কালীবাড়ি রেলস্টেশনে কম্বল বিতরণ করেন চাঁদপুর বন্ধুসভার সদস্যরা।
এ সময় বন্ধুসভার উপদেষ্টা আতাউর রহমান পাটওয়ারী, ফেরদাউস মোরশেদ, বন্ধুসভার সভাপতি এইচ এম জাকির, সাধারণ সম্পাদক রেজাউল হক, সহসভাপতি খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।